সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুতে শোকমিছিল
নোয়াখালীর হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় তৃতীয় শ্রেণীর ছাত্র মুমতাহিন-বিন-জহির শারাফের মৃত্যুতে গতকাল বুধবার উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শোকমিছিল করেছে।গত মঙ্গলবার হাতিয়ার সরকারি ডাকবাংলোর সামনের ওছখালী-জাহাজমারা সড়কে একটি জিপ আনোয়ারা কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্র মুমতাহিন-বিন-জহির শারাফকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির কিছুক্ষণ পর সে মারা যায়।নিহত শারাফের বাবা একটি বিমা কোম্পানির কর্মকর্তা এবং মা একটি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষিকা।স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় এ এম উচ্চবিদ্যালয়, এ এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ওছখালী কে এস এস সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে শোকমিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে জড়ো হয়। পরে ওই দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।