সড়ক দুর্ঘটনায় স্ত্রী-কন্যাসহ পুলিশ সার্জেন্ট নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সার্জেন্ট নজরুল ইসলাম (৪৫) তাঁর স্ত্রী ও মেয়েসহ নিহত হয়েছেন। আহত হয়েছে এই দম্পতির আরও দুই সন্তান।

আজ বৃহস্পতিবার সকাল আটটায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের বসন্তপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নজরুল ইসলামের স্ত্রীর নাম লাবণী আক্তার ওরফে লাভলী (৩৩)। আর মারা যাওয়া তিন বছরের মেয়ের নাম নুজহাত তাবাসসুম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়পুরে গ্রামের বাড়িতে ঈদ শেষে পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেটকারে করে কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিল এই পরিবারটি। পথে সকাল আটটার দিকে চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় চালকের আসনে থাকা নজরুল নিয়ন্ত্রণ হারান। এতে প্রাইভেটকারটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায় এবং গাড়ির চাকা ফেটে যায়। এতে ঘটনাস্থলেই সার্জেন্ট নজরুল ইসলাম ও তাঁর মেয়ে নুজহাত তাবাসসুম মারা যায়। গুরুতর অবস্থায় স্ত্রী লাবণীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এর কিছু সময় পরই তিনি মারা যান। নজরুল দীর্ঘদিন হাইওয়ে (মহাসড়ক) পুলিশে কর্মরত ছিলেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী জানান, লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বাঞ্চল মহাসড়ক পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘সার্জেন্ট নজরুল এক সময় হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। তাঁর অপ্রত্যাশিত মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’