সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
নেত্রকোনার মদনে সড়ক দুর্ঘটনায় শিউলি আক্তার (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্বামী আনছু মিয়া (৪০) ও ভাশুরের স্ত্রী রেখা আক্তার (৪৫)।
আজ শুক্রবার সকালে মদনের আলম বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। মদন উপজেলার কাইটাইল বাগবাড়ি গ্রামে তাঁদের বাড়ি।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নেত্রকোনা সদর উপজেলার শাহ সুলতান মাজার এলাকা থেকে ইঞ্জিনচালিত নছিমনে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে আলম বাজারে নেত্রকোনা-মদন সড়কের বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একই পরিবারের তিনজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা শিউলি আক্তারকে মৃত ঘোষণা করেন।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমিনুর রশিদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিউলি আক্তার মারা যান। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে।