সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত স্ত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকায় গত শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় গোলাম কাইয়ুম (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মাইমুন আক্তার ওরফে লিজা (২৬) গুরুতর আহত হয়েছেন।কাইয়ুম ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএটিসি) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা কার্যালয়ের সহকারী মাঠ কর্মকর্তা ছিলেন। তাঁর বাড়ি মেহেরপুর শহরে।জানা গেছে, শুক্রবার বিকেলে কাইয়ুম ও তাঁর স্ত্রী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকার ভাড়া বাসা থেকে কুষ্টিয়া শহরে কেনাকাটা করতে আসেন। বিকেলে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকায় সামনে থাকা একটি চলন্ত ট্রাক হঠাৎ থামে। কিছু বোঝে ওঠার আগেই কাইয়ুম মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খান এবং ট্রাকের চাকার নিচে চলে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন আহত অবস্থায় মাইমুনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ভেড়ামারা থানার ওসি রবিউল ইসলাম জানান, হাইওয়ে পুলিশ গোলাম কাইয়ুমের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে।