সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুলগেরিয়া-প্রবাসী লিজা আক্তার (১৮)। তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন। গত ডিসেম্বরে চাচাতো ভাই শাহিন মিয়ার (২২) সঙ্গে তাঁর বিয়ে হয়। ছুটি শেষ। গতকাল বৃহস্পতিবার দেশ ছেড়ে যাবেন। স্ত্রী লিজাকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে মাইক্রোবাসে করে রওনা হন শাহিন। কিন্তু পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে লিজা, শাহিনসহ ঘটনাস্থলেই মারা যান চারজন।
ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় গত বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিজা ও শাহিন দুজনেরই বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর পশ্চিমপাড়ায়। নিহত অপর দুজন হলেন ভৈরববাজার এলাকার পিয়াস আহমেদ (২৫) ও মো. রায়হান মিয়া (২৪)। তাঁরা সবাই পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু।
নিহত ব্যক্তিদের পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব পৌর এলাকার ব্যবসায়ী শাহিন তাঁর বুলগেরিয়া-প্রবাসী স্ত্রী লিজাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে দুই বন্ধু রায়হান ও পিয়াসকে নিয়ে একটি মাইক্রোবাসে করে রাত দেড়টার দিকে বাড়ি থেকে রওনা হন। মাইক্রোবাসটি রাত আড়াইটার দিকে উপজেলার নারায়ণপুরের গকুলনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী রায়হান, পিয়াস, শাহীন ও লিজা মারা যান। গুরুতর আহত অবস্থায় মাইক্রোবাসচালককে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল দুপুরে শাহিনের বাড়িতে গিয়ে দেখা যায়, মাতম চলছে সেখানে। শাহিনের ফুফাতো বোন ববি বেগম জানান, লিজার পরিবার ১৮ বছর ধরে বুলগেরিয়ায় থাকে। শাহিনকেও বুলগেরিয়ায় নিয়ে যাওয়ার কথা ছিল। বিয়ের জন্য তিন মাস আগে বাবার সঙ্গে লিজা দেশে আসেন। গতকাল ভোরের ফ্লাইটে লিজার বুলগেরিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল।
শাহিনের বাবা লিয়াকত আলী বলেন, ‘আমার তো সব শেষ। ছেলেও গেল, মেয়েও (ছেলের বউ) গেল।’
গত ২২ ডিসেম্বর লিজা ও শাহিনের বিয়ে হয়। শাহিনের শোবার ঘরে তাঁদের বিয়ের একটি বাঁধানো ছবি সাঁটানো ছিল। সেই ছবি এখন শাহিনের মা নুর জাহান বেগম বুকে চেপে ধরে বারবার মূর্ছা যাচ্ছেন।
পিয়াস ও রায়হানের বাড়িতে গিয়েও একই চিত্র দেখা দেখা যায়। পিয়াসের মা সুফিয়া বেগম বলেন, ‘সকালে ফিরে আসবার কথা বলে ছেলে আমার ঘর থেকে বের হয়ে যায়। লাশ হয়ে ফিরবে জানলে বাবারে কোলছাড়া করতাম না।’
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাত্রীবাহী বাসটি আটক করা গেলেও চালক এবং তাঁর সহকারীকে আটক করা যায়নি।