সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল মঙ্গলবার সকালে দ্রুতগামী একটি বাস একসঙ্গে দুটি মোটরসাইকেলকে চাপা দিলে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ বেপরোয়া বাস এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি আটক করেছে।
নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্ধারিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী শিউলী পারভেজ (৩২) এবং ধামরাইয়ের ধাইরা গ্রামের রহমত আলী (৩৫)।
শিউলী মাগুরার আড়াপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক আর জাহাঙ্গীর এলাকায় সার ও কীটনাশকের ডিলার ছিলেন। উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের খাতা আনতে তাঁরা ঢাকা যাচ্ছিলেন।
ধামরাই থানার পুলিশ জানায়, জাহাঙ্গীর স্ত্রীকে নিয়ে গতকাল মোটরসাইকেলে করে মধুখালী থেকে ঢাকা যাচ্ছিলেন। আর রহমত যাচ্ছিলেন ধামরাই শহরে। দুটি মোটরসাইকেল বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে গোপালগঞ্জগামী একটি বাস প্রথমে রহমতের ও পরে জাহাঙ্গীরদের মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
খবর পেয়ে পুলিশ তাড়া করে ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরে বাথুলী এলাকায় বাসটি আটক করে। কিন্তু এর আগেই বাসের চালক পালিয়ে যান।
ঘটনার পর নিহত ব্যক্তিদের সঙ্গে থাকা মুঠোফোন থেকে নম্বর নিয়ে পুলিশ তাঁদের স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব দাস বলেন, রহমত মোটরসাইকেল নিয়ে সুতিপাড়া-সোয়াপুর সড়ক হয়ে হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে উঠে পড়েন। তাঁকে বাঁচাতে গোপালগঞ্জগামী বাসটির চালক ডানদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রহমতেরটি ও বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল বাসটির নিচে চাপা পড়ে। বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলে ছিলেন জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী।
জাহাঙ্গীরের চাচা আক্তার হোসেন বলেন, তাঁর ভাতিজা জাহাঙ্গীর মাঝেমধ্যেই স্ত্রীকে নিয়ে ঢাকা যেতেন। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের যানজট এড়াতে তাঁরা মোটরসাইকেল নিয়ে চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক গতকাল বিকেলে বলেন, দুর্ঘটনার পর বাস আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।