সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, ২ সন্তান আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চড়িয়া এলাকায় একটি প্রাইভেট কারের চাকা ফেটে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছে তাঁদের দুই সন্তান। গতকাল শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ওয়ালটন গ্রুপের সহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী হালিমা আক্তার (২৫)। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিহাতী গ্রামের সৈয়দ আবু বক্কার সিদ্দিকীর ছেলে সাখাওয়াত হোসেন। এ দম্পতি কালিহাতী গ্রাম থেকে পাবনার চাটমোহরে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সিরাজগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ সূত্র জানায়, সাখাওয়াত হোসেন নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গতকাল দুপুর ১২টার দিকে গাড়িটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের চড়িয়া এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা ফেটে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী মারা যান। আহত হয় তাঁদের ছেলে দ্বীপ (৮) ও মেয়ে তুলি (৯)। হাইওয়ে থানা-পুলিশ তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বাচ্চা দুটির অবস্থা শঙ্কামুক্ত।