সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার বাইছাপাড়া এলাকায় আজ শনিবার মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। মোটরসাইকেল বহন নিয়ে নেতা-কর্মীরা আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন সভায় যোগ দিতে আসার পথে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিংড়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে সিংড়ার বামিহাল গ্রামে থেকে ৫০টি মোটরসাইকেলের একটি বহর নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাটোর-বগুড়া মহাসড়ক হয়ে সিংড়া শহরে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে যাচ্ছিলেন। বাছাইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আগমনী পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শুকাশ ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোস্তফা (২৫) গুরুতর আহত হন। এ সময় অন্যান্য মোটরসাইকেল আরোহীদের রক্ষা করতে গিয়ে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের চালক লিটন হোসেন (৪০) ঘটনাস্থলে মারা যান। ২০ জন যাত্রী আহত হন। লিটন হোসেনের বাড়ি বগুড়া শহরে।

ঘটনার পর স্থানীয় লোকজন মোস্তফাসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে সিংড়া, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মোস্তফা মারা যান। তাঁর বাড়ি সিংড়ার বামিহাল গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, বাসটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে।