সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে ১৭ পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার পোদ্দারবাড়ি এলাকায় গতকাল রোববার বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে পুলিশের একটি ভ্যানের ধাক্কা লেগে ১৭ জন পুলিশের সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনই নারী পুলিশ। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সিলেট বিভাগে জামায়াতে ইসলামীর ডাকা আধা বেলা হরতালের দায়িত্ব পালন করতে হবিগঞ্জের ধুলিয়াখাল পুলিশ লাইন থেকে ভোর সাড়ে চারটার দিকে একটি পুলিশ ভ্যান নিয়ে বের হন পুলিশ সদস্যরা। পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছানোর পর সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে পুলিশ সদস্যদের ভ্যানগাড়িটির সজোরে ধাক্কা লাগে। এতে ভ্যানটি ধুমড়েমুচড়ে যায়।গুরুতর আহত ইয়াছমিন (১৯), জামিলা (২১), পিয়ারা (১৯), কুলসুমা (২১), রুবিনা (২০), নাজমা (২০), রুমি (২০), শিমু আক্তার (২০) ও ভ্যানগাড়ির চালক দীপক সরকারকে (২২) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পুলিশ লাইনের উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহানকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।হাসপাতালের বিছানায় শুয়ে শিমু আক্তার প্রথম আলোকে বলেন, হরতালের দায়িত্ব পালন করতে যাওয়ার পথে তাঁরা এ দুর্ঘটনার শিকার হন। তিনি কোমরে আঘাত পেয়েছেন। এ ছাড়া অন্যরাও মাথা, কোমর, হাত-পায়ে আঘাত পেয়েছেন।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।