সড়ক দুর্ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মুক্তিযোদ্ধা-রাজনীতিবিদ ইফতেখার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সিলেটের ক্ষতিপূরণ দাবির (ক্লেইম ট্রাইব্যুনাল) মামলা দুটি করা হয়। মামলায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।নিহত ইফতেখার হোসেনের স্ত্রী নাজনিন হোসেন ও তাঁর ছেলে ইন্তেখাব হোসেন বাদী হয়ে মামলা করেন। ক্লেইম ট্রাইব্যুনালের বিচারক সিলেটের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান গতকালই মামলা আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে তলব আদেশের দিন ধার্য করেছেন। সিলেটে ক্লেইম ট্রাইব্যুনালে এটিই প্রথম মামলা। সিলেট জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন (৬২) গত ৪ মে ঢাকা থেকে গ্রিনলাইন পরিবহনের একটি বিলাসবহুল বাসে করে সিলেট আসার পথে বালাগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। বাস-ট্রাক সংঘর্ষে তিনিসহ আটজন যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় তাঁর স্ত্রী নাজনিন হোসেন ও সন্তানও আহত হন। ঘটনার প্রায় ছয় মাসের মাথায় গতকাল আদালতে গিয়ে নাজনিন হোসেন ও তাঁর ছেলে ইন্তেখাব হোসেন মামলা করেন। মামলার বিবরণে দুর্ঘটনার জন্য বাস ও ট্রাকের অসতর্ক চলাচলকে দায়ী করা হয়েছে। নাজনিনের মামলায় আট কোটি টাকা এবং ইন্তেখাবের মামলায় দুই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। মামলায় গ্রিনলাইন পরিবহনের মালিক পক্ষের মো. আলাউদ্দিন, সালাহ উদ্দিন, মো. আবদুস সাত্তার, গ্রিনলাইন পরিবহন সিলেটের ব্যবস্থাপক বদিউর রহমান, গ্রিনলাইনের বিমা কোম্পানির মো. আবুল কাশেম ও ট্রাক মালিক মো. সামসুদ্দোহাসহ আটজনকে বিবাদী করা হয়েছে। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ক্লেইম ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ আদালত থেকে পরিচালিত হয়। ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, সিলেটে ক্লেইম ট্রাইব্যুনালে এটিই প্রথম মামলা। ঘটনার ছয় মাসের মাথায় মামলা করতে হয়। আইনি সুযোগ থাকা সত্ত্বেও ক্লেইম ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রচলন নেই। তাই সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে আইনি লড়াই জোরদার হয় না। এ দুটি মামলা সড়ক দুর্ঘটনা রোধে আইনি লড়াই মজবুত করবে বলে আশা করি।’ মামলায় বাদীর পক্ষে আইনি সহায়তাকারী আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী প্রথম আলোকে জানান, বাদীরা আদালতে উপস্থিত হলে বিচারক তাঁদের জবানবন্দি গ্রহণ করে মামলা দুটি আমলে নেন। ক্লেইম ট্রাইব্যুনাল থেকে বিবাদীদের বিরুদ্ধে আগামী সোমবার তলব আদেশ দেওয়া হবে।