সড়ক দুর্ঘটনায় ১০ পরীক্ষার্থী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে।
গতকাল রোববার ছিল গণিত পরীক্ষা। পরীক্ষা দিতে রাউতি ইউনিয়নের বাঁশাটি ও দাউদপুর গ্রামের ১০ শিক্ষার্থী ব্যাটারিচালিত অটোরিকশায় পুরুড়া উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। তারা বলে, সকাল নয়টার দিকে তাড়াইল-নান্দাইল সড়কের কৌলি ফিসারি এলাকার কাছে অটোরিকশাটি উল্টে যায়।
এতে আহত শিক্ষার্থীদের স্থানীয় লোকজন তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সাতজন পরীক্ষাকেন্দ্রে চলে যায়। আহত ঝুমা, সজীব ও সিয়ামের পরীক্ষা বিশেষ ব্যবস্থায় নেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে। এরপর সিয়ামকে চিকিৎসার জন্য তার স্বজনেরা ঢাকায় নিয়ে যান।