সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু
গাইবান্ধার সাদুল্যাপুরে গতকাল সোমবার বাস উল্টে চার যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া রাজশাহীর চারঘাট, বরিশালের গৌরনদী, টাঙ্গাইলের মির্জাপুর, নেত্রকোনা এবং টাঙ্গাইলে গতকাল ও আগের দিন রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও সাতজন।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী আলিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় পৌঁছায়। এ সময় চালক বিপরীত দিক থেকে আসা একটি বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে উল্টে গেলে ঘটনাস্থলেই চারজন যাত্রী মারা যান। আহত হন অন্তত ২০ জন। তাঁদের পাশের পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বাসটি উদ্ধারে অভিযান চলছে।
রাজশাহী: প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চারঘাট উপজেলার নন্দনগাছি বাজার থেকে মেসার্স পবন ট্রেডার্সের পণ্যবাহী একটি ভটভটি উপজেলা সদরে যাচ্ছিল। রাত ১০টার দিকে ঝিকরা উত্তরপাড়ায় সেটি সুইট হোসেন নামের এক পথচারীকে ধাক্কা দেয়। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটিও উল্টে গেলে এর যাত্রী আলী হোসেন (২৬) গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত সুইট হোসেন উপজেলার ঝিকড়া উত্তরপাড়া গ্রামের এবং আলী হোসেন তালবাড়িয়া-পরানপুর গ্রামের বাসিন্দা।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ভটভটিটি জব্দ করে থানায় রাখা হয়েছে। চালক পালিয়ে গেছেন।
গৌরনদী (বরিশাল): পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী-ভূরঘাটার বাসস্টেশন এলাকায় গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী রনি হাওলাদার (২২) ও বেলাল হোসেন (২৩) মারা যান। গুরুতর আহত হন অপর তিন আরোহী। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহত পাঁচজনই পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। চাকরির সুবাদে ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।
মির্জাপুর (টাঙ্গাইল): পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার সীমান্তবর্তী ডুবাইল এলাকায় গতকাল বেলা ১১টার দিকে টাঙ্গাইলগামী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
নেত্রকোনা: এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বোবাহালা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া (৪৫) গতকাল সকালে কলমাকান্দা উপজেলার সিধলী বাজার থেকে মোটরসাইকেলযোগে জেলা শহরে যাচ্ছিলেন। পথে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছাবুর রহমান জানান, সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় গতকাল বেলা সাড়ে তিনটার দিকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই মারা যান। তাঁর পরিচয় জানা যায়নি।