সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত
ঢাকা, গাজীপুর, নওগাঁ, কুষ্টিয়া, সিলেট ও হবিগঞ্জের বাহুবলে গত সোমবার ও গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ৩১ জন।ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাভার (ঢাকা): পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনে পোশাকশ্রমিক নজরুল ইসলামকে (৪২) একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় শ্রমিক-জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। ডিইপিজেডের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও জনতার বাধার কারণে আগুন নেভাতে পারেনি।এদিকে গতকাল ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার মীর্জানগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যান।গাজীপুর: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল পৌনে আটটার দিকে তাহমিনা নিটওয়্যার কারখানার ৪০-৪৫ জন শ্রমিক নিয়ে একটি বাস সদর উপজেলার কোনাবাড়ী থেকে উপজেলার সরাব এলাকায় যাচ্ছিল। বাসটি উপজেলার ভবানীপুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাস একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হয় আরও কমপক্ষে ২০ জন শ্রমিক।নিহত ব্যক্তিরা হলেন বাসের চালকের সহকারী ঢাকার ধামরাইয়ের জালাল উদ্দিন (২৫) ও লালমনিরহাটের পাটগ্রামের নবীনগর গ্রামের মোমিনুল ইসলাম (২০)।নওগাঁ: গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নওগাঁ-রাজশাহী সড়কের নওগাঁ সদর উপজেলার মাস্টারের বাড়ি এলাকায় একটি বাস পেছন থেকে একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নওগাঁ সদর উপজেলার হাপানিয়া পাড়া গ্রামের মসলেম উদ্দিন (৫২), ভ্যানযাত্রী শহরের কোমাইগাড়ী মহল্লার বেলাল হোসেন (২২) ও মহাদেবপুর উপজেলার দেওয়ানপুর গ্রামের গৃহবধূ কবিতা বেগম (২৬) নিহত হন। স্থানীয় লোকজন নিহত গৃহবধূর শাশুড়ি রিজিয়া খাতুন (৪৪), গৃহবধূর ছেলে মিনহাজ ও অজ্ঞাতনামা এক ব্যক্তিকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পরে রাত ১১টার দিকে রিজিয়া মারা যান।পুলিশ বাসটি আটক করেছে। অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।কুষ্টিয়া: পুলিশ জানায়, গত সোমবার দুপুরে খোকসা কালীতলা সড়কের রাজিনাথপুর এলাকায় একটি নছিমন পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মহম্মদ আলী মৃধা (৭০) ও তাঁর স্ত্রী জাহানারা খাতুন নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক বাবুল হোসেন (৪০) ও বাবুলের তিন বছরের মেয়ে অরণ্য গুরুতর আহত হন। তাঁদের খোকসা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।পুলিশ নছিমনের চালক আবদুর রহিম শেখকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে পুলিশ একটি মামলা করেছে।এদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার মধুপুরে গত সোমবার রাত নয়টার দিকে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ধাক্কা দেওয়া ট্রাকের চালকের সহকারী সোহাগ হোসেন (২৮) নিহত হন। আহত হন ট্রাকের চালক। সিলেট: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর দুইটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বাজার এলাকায় একটি পাথরবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি সেলুনে ঢুকে পড়ে। এতে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের একজন হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাজু মিয়া (৩৫), অপর দুজনের পরিচয় জানা যায়নি।বাহুবল (হবিগঞ্জ): পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরী বাজারের পাশে বাংলাবাজার নামক স্থানে সিলেটগামী একটি বাস টেনু বিবি (৫০) নামের এক নারীকে চাপা দেয়। পরে তিনি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। টেনু বিবির বাড়ি উপজেলার খাগাউড়া গ্রামে।অন্যদিকে গত সোমবার বেলা দুইটার দিকে উপজেলার বসন্তপুর নামক স্থানে সিলেটগামী একটি বাস অজ্ঞাতনামা এক ব্যক্তিকে (৫০) চাপা দেয়। স্থানীয় লোকজন তাঁকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি সেখানে মারা যান।