সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল মঙ্গলবার ট্রাকের চাপায় লেগুনার চারজন আরোহী নিহত ও আটজন আহত হয়েছেন। টঙ্গীতে ট্রাকের চাপায় লেগুনার এক আরোহী নিহত ও আটজন আহত হয়েছেন। একই দিন কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় একজন ও রাজশাহীর গোদাগাড়ীতে একজন নিহত এবং যশোরের কেশবপুর উপজেলায় ১১ জন এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।
এ ছাড়া গত সোমবার মানিকগঞ্জের শিবালয়, জয়পুরহাট এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুজন করে মোট ছয়জন; চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদপুর, যশোরের অভয়নগর, বগুড়ার গাবতলী ও শাজাহানপুর এবং ভোলার চরফ্যাশনে একজন করে মোট ছয়জন নিহত হয়েছেন। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে একটি লেগুনা গতকাল সকালে কোনাবাড়ি যাচ্ছিল। সকাল পৌনে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে পৌঁছালে লেগুনাটিকে একটি ট্রাক সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই লেগুনার একজন যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে তিনজন এবং মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। নিহত ব্যক্তিরা হলেন নাটোরের সিংড়া উপজেলার খানপুকুরিয়া গ্রামের আবদুল খালেক (৩৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জাওয়াইর গ্রামের আবদুল হাকিম (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫) এবং বগুড়ার নন্দীগ্রামের খাদিজা বেগম (২০)। নিহত অপর ব্যক্তি সাইফুল ইসলামের (২৫) ঠিকানা পাওয়া যায়নি।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সকাল সাতটার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিলমুন এলাকায় একটি ট্রাকের সামনের চাকা বিকট শব্দে ফেটে যায়। এ সময় ট্রাকটি পাশের একটি লেগুনাকে চাপা দেয়। লেগুনার আরোহী এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
কুষ্টিয়া: কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা উপজেলার মসলেমপুর এলাকায় গতকাল ভোরে সড়ক দুর্ঘটনায় সেলিম (৩৫) নামের ট্রাকচালকের এক সহকারী নিহত হয়েছেন। সেলিম পাবনা জেলার আলম হোসেনের ছেলে। দুর্ঘটনার কারণ জানা যায়নি।
রাজশাহী: গতকাল বেলা দুইটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় একটি বাস। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আবদুস সালাম মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী আবদুস সালামের চাচাতো ভাই শুকুর উদ্দীন গুরুতর আহত হন।
মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় টেপড়া এলাকায় সোমবার সকালে একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেলের চালক বাহারুল ইসলাম (২২) ও আরোহী সুমন মিয়াকে (২০) মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট: সোমবার দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট এলাকায় একটি বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটির চালক শাহিন হোসেন (৩২) ও যানটিতে থাকা ব্যবসায়ী আলাল হোসেন (৩৫) মারা যান। আহত হন বাসের ১৫ জন যাত্রী।
ভৈরব: সোমবার ভোরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কাতারের বাজার এলাকায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাসের যাত্রী আবদুল হাই (৫৮) ও মামুন মিয়া (৩৬) নিহত হন। আহত হন বাসটির আরও ২০ জন যাত্রী। আহত ব্যক্তিদের আশপাশের বিভিন্ন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
হাজীগঞ্জ (চাঁদপুর): সোমবার বিকেলে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের জিয়ানগর এলাকায় একে অপরকে অতিক্রম করার সময় একটি ট্রাক ও একটি কলের লাঙল (ট্রাক্টর) সড়কের পাশে উল্টে যায়। ট্রাক্টর চালকের সহকারী মো. হাছান ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ফরিদপুর: সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার বন্দর বাসস্ট্যান্ড এলাকায় বালুবোঝাই একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মো. রুবেল (৩০) মারা যান। আহত হন অপর আরোহী মো. রানা।
অভয়নগর (যশোর): সোমবার সন্ধ্যায় অভয়নগরের চোমরডাঙা এলাকায় ভবদহ বেড়িবাঁধসংলগ্ন সড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আসলাম সরদার (১৮) মারা যান। আহত হয় যানটির অপর আরোহী বুলবুল সরদার (১৭)।
বগুড়া: সোমবার সকালে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে ভটভটিতে করে বগুড়ার গাবতলী উপজেলায় নানাবাড়িতে বেড়াতে যাচ্ছিল আলো (৭) নামের এক শিশু। বেলা ১১টার দিকে গাবতলীর উঞ্চুরকী বাজারের কাছে পৌঁছে যানটি উল্টে যায়। এতে ওই শিশু ঘটনাস্থলেই মারা যায়।
ভোলা: সোমবার দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের বিআরডিবি-সংলগ্ন আদর্শ পাড়া এলাকায় একটি বাস অয়ন চন্দ্র (৫) নামের এক শিশুকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।