সড়ক দুর্ঘটনায় ৪ শিশুসহ নিহত ৬
সড়ক দুর্ঘটনায় চার শিশুসহ ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। আজ মঙ্গলবার সিলেট, ফরিদপুর ও বগুড়ায় পৃথক চারটি দুর্ঘটনায় এ হতাহত হওয়ার ঘটনা ঘটে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশা উল্টে চালক ও এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলো সিলেটের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের অটোরিকশাচালক মারজান (১৯) ও দক্ষিণ সুরমার মিনিখলা গ্রামের সুফিয়ান মিয়ার ছেলে আদিল মিয়া (৩)।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ হারুন বলেন, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। ট্রাফিক সিগন্যাল অমান্য করে অটোরিকশাটি দ্রুতগতিতে চলতে গিয়ে মহাসড়কের তেলিবাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত অবস্থায় অটোরিকশার চালকসহ পাঁচজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুরে দুজনের মৃত্যু হয়। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় চাচাতো ভাইবোন দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক শিশুর বাবা। মঙ্গলবার বেলা ১১টার দিকে আকোটেরচর ইউনিয়নের বটতলা নামক এলাকায় মনিকোঠা-পিয়াজখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো আকোটেরচর বাজার এলাকার সৌদিপ্রবাসী মুজাম খানের ছেলে জিহাদ খান (৭) ও রিপন খানের মেয়ে নুসরাত (৮)। এ দুর্ঘটনায় রিপন খানও গুরুতর আহত হয়েছেন। নিহত দুই শিশু নুসরাত ও জিহাদ পরস্পর চাচাতো ভাইবোন। তারা দুজনই ওই এলাকার আল ইকরা প্রিক্যাডেট কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, স্কুল ছুটির পর নুসরাতের বাবা রিপন খান জিহাদ ও নুসরাতকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি তাদের চাপা দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত রিপন খানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ট্রলিটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। নিহত দুই শিশুর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে আজ ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা পৌর এলাকার নূরপুর মহল্লায় উল্টো দিক থেকে আসা এক গাড়ির চাপায় নছিমনচালক নিহত হন। তাঁর নাম আজিজুল মোল্লা (৪০)। তিনি নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজলী গ্রামের মকবুল মোল্লার ছেলে। নগরকান্দা থেকে ভাঙ্গা যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি নছিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গাড়িটিকে শনাক্ত করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল। তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত আজিজুলের লাশ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।
বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় ভটভটির চাকায় পিষ্ট হয়ে ঊর্মি খাতুন নামের সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে। আজ বেলা ১১টার দিকে বানিয়াগাতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে বানিয়াগাতি এলাকায় ঊর্মি রাস্তা পার হতে গেলে তাকে চাপা দেয় ভটভটি। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। স্থানীয় লোকজন ভটভটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ধুনট থানার পুলিশ ভটভটি আটক করে থানা নিয়ে আসে। ভটভটিচালককে আটকের চেষ্টা করা হচ্ছে।