সড়ক দুর্ঘটনায় ৪০ জন নিহত
নরসিংদী, কুষ্টিয়া, মানিকগঞ্জ, ঢাকার সাভার, গোপালগঞ্জ, রংপুর, বাগেরহাট, ঝালকাঠি, জামালপুর, কুমিল্লা, টাঙ্গাইল, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, দিনাজপুর, মাদারীপুর, পাবনায় গত ছয় দিনে সড়ক দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ভৈরব: গত বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে ছেড়ে আসা স্বপ্নবিলাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নরসিংদীর শিবপুরের কুন্দারপাড়ায় একটি যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, নরসিংদীর বেলাব উপজেলার চরবেগবের গ্রামের আবুল কাসেম (২০), শিবপুর উপজেলার শৈখারচর গ্রামের মজিবুর রহমান (৫০), জয়নগর গ্রামের আবদুল হেলিম (৬০), গোলাপ মিয়া (৩৮), শামসুদ্দিন মিয়া (৬৪), একই উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের মোশারফ হোসেন (২৬) এবং পলাশ উপজেলার গজারিয়া গ্রামের মহসিন মিয়া (৪৫)। দুর্ঘটনায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। মানিকগঞ্জ: ঢাকার সাভারের বিশ মাইল এলাকায় কর্তব্যরত এক আনসার সদস্যকে বুধবার রাত ১০টার দিকে একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তাঁর নাম আনিস সরকার (২৬); বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে।বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার জায়গীর নামক স্থানে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ইস্কান্দার (২৫) নামে এক যাত্রী নিহত হন। একই দিন সদর উপজেলার মুলজানে বাসের চাপায় নিহত হন তারিকুল ইসলাম (৩৫) নামের এক বাসযাত্রী।শনিবার সদর উপজেলার মুলজানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে অজ্ঞাতপরিচয় এক যাত্রী নিহত হন। রোববার সকাল ১০টার দিকে আরিচা ঘাটে একটি পিকআপের চাপায় আল মামুন নামে এক শিশু মারা যায়। সে শিবালয়ের তেওতা গ্রামের সোহরাব হোসেনের ছেলে। একই দিন দুপুর ১২টার দিকে মহাসড়কের ধামরাই উপজেলার কালামপুরে জয়ন্ত দাস (২৬) নামের এক ব্যবসায়ী বাসের চাপায় নিহত হন।গতকাল সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হন। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।কুষ্টিয়া: কুষ্টিয়া-দৌলতপুর সড়কের ভেড়ামারা উপজেলার মহিষাডোরায় গতকাল সোমবার বেলা একটার দিকে বৃষ্টির সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ঘটনাস্থলেই বিমান বাহিনীর সাজের্ন্ট আশরাফুল ইসলাম (৪০), গাড়ির চালকের সহকারী উজ্জল হোসেন (২৫), যাত্রী নিজামুদ্দীন (৩০) এবং অজ্ঞাতনামা আরও একজন নিহত হন। নিহত আশরাফুলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আমদহ গ্রামে। তিনি যশোরে বিমান বাহিনীর সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন।গোপালগঞ্জ: শনিবার সকালে কোটালীপাড়া-রাজৈর সড়কের কোটালীপাড়া উপজেলার দোতারায় একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক দ্বিজেন গাইন (৪৫) নিহত হন। তার বাড়ি কোটালীপাড়া উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে।বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরায় একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক হাফিজুর রহমান মৃধা (৪৫) নিহত হন। দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের আরোহী জাফর মৃধা (৪৩) শুক্রবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসের ছাদে থাকা যাত্রী ফারুক বিদ্যুতের তারে পেঁচিয়ে রাস্তায় ছিটকে পড়েন। পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হরিপুরে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে একটি বাস একটি রিকশাকে চাপা দিলে রিকশাচালক জহিরুল ইসলাম (৩০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত জহিরুলের বাড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামে।মির্জাপুর (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াইয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাকের চাপায় অজ্ঞাত এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।রংপুর: রংপুরের পীরগঞ্জ বাজারের কাছে একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিনজন নিহত হন। তাঁরা হলেন বিসু কিসপু (৪০), আকতারুল আলম (২৮) ও অজ্ঞাত এক শিশু।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরায় গত রোববার সকালে নসিমন উল্টে যাত্রী মাজু মিয়া (২২) নিহত হন।জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জের ডালবাড়ি এলাকায় রোববার বেলা ১১টার দিকে একটি অটোরিকশা উল্টে ওমর ফারুক (১০) নামের এক শিশু নিহত হয়েছে।নোয়াখালী: নোয়াখালী-কুমিল্লা সড়কে নোয়াখালীর বেগমগঞ্জের বেচুর দোকান নামক স্থানে গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একটি মিনিবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শামীম (৩২) নামের এক ব্যক্তি নিহত হন।ঝালকাঠি: বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটির শিমুলতলায় বৃহস্পতিবার দুপুরে একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী ট্রলিকে একটি বাস ধাক্কা দেয়। এতে মো. লিটন ও হাবিবুর রহমান নামের দুজন নিহত হন।পাবনা: পাবনা-নগরবাড়ী মহাসড়কের রাজাপুরে বৃহস্পতিবার বিকেলে একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক আবদুল কুদ্দুস (৩২) নিহত হন। পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মনোহরপুর বড় ব্রিজের কাছে রোববার বিকেলে মাইক্রোবাসের চাপায় আটঘরিয়া উপজেলার দেবোত্তর গ্রামের এনামুল হকের ছেলে মো. সুজন (১০) নিহত হয়।মাদারীপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরের বাজিতপুর নয়াকান্দি বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুরে মাইক্রোবাসের চাপায় সুপ্রিয় ভাবুক (১০) নামের এক শিশু নিহত হয়েছে।ফুলবাড়ী (দিনাজপুর): ফুলবাড়ী-দিনাজপুর সড়কে বেজাই নামক স্থানে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে একটি মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেলের আরোহী সোহানা আফরোজ (২) নিহত হয়।ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর-ঝালপাজা সড়কের সাইনবোর্ড নামক স্থানে শুক্রবার সকালে একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী আশরাফুল (১৬) নামের এক ব্যক্তি নিহত হয়।বাগেরহাটে বাস পুকুরেবাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকায় রোববার বিকেল সাড়ে চারটার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে আরিফ হাওলাদার (৭) ও অজ্ঞাতনামা মহিলা (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদিকে বাগেরহাটে এক সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম মোল্লা (৫০) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর সহযাত্রী ও ছোট ভাই সাবুল মোল্লা (৪২)। শনিবার ঈদের দিন সকালে বাগেরহাট-পিরোজপুর সড়কের বাগেরহাটের কচুয়া উপজেলার বকুলতলায় যাত্রীবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নজরুল ইসলাম মোল্লা (৫০) নিহত হন।