সড়ক দূর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম শিরিন আক্তার (৪২)।শিরিন ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার মজমপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। তিনি ওই এলাকায় অবস্থিত কারখানা ফু-ওয়াং ফুডসের শ্রমিক ছিলেন। দুর্ঘটনার প্রতিবাদে কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন। এ সময় পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই ইকবাল হোসেন জানান, গতকাল সকাল আটটার দিকে কারখানার কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি শিরিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।বজ্রপাতে একজনের মৃত্যু: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নন্দীচালা গ্রামে গত রোববার রাতে বজ্রপাতে রূপা আক্তার (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যার পর থেকে উপজেলার সর্বত্র ঝড় ও বজ্রপাত শুরু হয়। রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ একটি বজ্র তার ঘরের ওপর পড়লে রূপার মৃত্যু হয়। রূপা ওই গ্রামের সাহাবুদ্দিন ওরফে সাবু মিয়ার মেয়ে বলে জানা গেছে।