সড়ক দেবে ঝুঁকিতে গাড়ি চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে সড়ক দেবে উঁচু-নিচু হয়ে গেছে। কিছু স্থানে উঠে গেছে পিচঢালাই। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

গতকাল সোমবার দুপুর একটার দিকে সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় গাছবোঝাই একটি ট্রাকের চাকা সড়কের দেবে যাওয়া অংশে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক ও সহকারী আহত হন। গাড়িটি উল্টে যাওয়ার কারণে মহাসড়কে সৃষ্টি হয় যানজট।

সীতাকুণ্ড থানার ট্রাফিক সার্জেন্ট মো. আল আমিন প্রথম আলোকে বলেন, আটকে পড়া গাড়িগুলো চট্টগ্রামমুখী লেনে উল্টো পথে চলাচল শুরু করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আবার দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে বিকেল চারটার দিকে যান চলাচল স্বাভাবিক করেন তাঁরা।

হাইওয়ে পুলিশের আশঙ্কা ঈদের অন্তত চার দিন আগে মহাসড়ক পুরোপুরি সংস্কার না হলে যানজটের ভোগান্তিতে পড়তে পারে যাত্রীরা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বলছে, বৃষ্টির কারণে সংস্কারে সময় লাগছে। তবে ঈদের আগেই সড়ক সংস্কার করা হবে।        

সরেজমিনে দেখা যায়, উপজেলার ছোট কুমিরা থেকে সীতাকুণ্ড সদর পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ঢাকামুখী লেনে সড়ক দেবে নালার মতো হয়ে গেছে। বৃষ্টির সময় এসব অংশে পানি জমে ভোগান্তি আরও বাড়ছে। গাড়ির গতিও কমে যাচ্ছে। ছোট কুমিরা এলাকায় দেবে যাওয়া অংশে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারের লোকজনকে কাজ করতে দেখা গেছে।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান প্রথম আলোকে বলেন, তিনি সওজের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ২২ জুনের আগে সড়ক ঠিক না হলে পুলিশের সংখ্যা বৃদ্ধি করেও দুর্ভোগ কমানো কঠিন হবে। মহাসড়কে যে পরিমাণ গাড়ি চলে তাতে দুর্ঘটনার পাঁচ মিনিটেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ প্রথম আলোকে বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত ওজন নিয়ে গাড়িগুলো একই পথে চলতে থাকে। যার ফলে কার্পেটিং সরে উঁচু-নিচু হয়ে গেছে কিছু অংশে। আগামী দু-এক দিনের মধ্যে সেগুলো কেটে ঠিক করে দেওয়া হবে।