মধুমতী নদীভাঙনে গত এক মাসে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর বাজারের নয়টি দোকানঘর ও মসজিদের একাংশ নদীতে চলে গেছে। বাজারসংলগ্ন চারটি বসতঘর ও আধা কিলোমিটার পাকা সড়কও নদী গ্রাস করেছে। হুমকির মুখে রয়েছে বাজারের আরও শতাধিক দোকানঘর, শিয়রবর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অর্ধশতাধিক বসতবাড়ি। শিয়রবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার বিশ্বাস জানান, বিদ্যালয়ের খেলার মাঠের অর্ধেক নদীতে চলে গেছে। যেকোনো সময় বিদ্যালয়ের ভবনটি মধুমতী গ্রাস করবে। শিয়রবর বাজারের দোকানদার গৌতম কর্মকার বলেন, ‘হঠাৎ মধুমতীর ভাঙনে আমার দোকানের সবকিছু নদীতে চলে গেছে।’ শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবু মিয়া বলেন, ‘অনেকেরই জীবন-জীবিকা চলছে এ বাজারের ওপর। অথচ বাজারটি রক্ষায় কিছুই করতে পারছি না।’পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নড়াইলের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী বলেন, শিয়রবর বাজার এলাকার ভাঙন প্রতিরোধে প্রায় ১৬ কোটি টাকার প্রকল্প তৈরি করে তিন-চার মাস আগে ঢাকায় পাউবোর কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো জবাব পাওয়া যায়নি।