সড়ক ধসে যাওয়ায় দুই গ্রামবাসীর চরম দুর্ভোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রবল বৃষ্টিতে একটি সড়ক ভেঙে গেছে। এতে দুই গ্রামের ১২ হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। দুই সপ্তাহ আগে সড়কটি ভেঙে পড়লেও এটি মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।এলাকার কয়েকজন জানান, গত ১৬ মের প্রবল বৃষ্টিতে উপজেলা সদরের সঙ্গে বাহেরচর ও খাসনগর গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র বাহেরচর সড়কটি ভেঙে যায়। সরেজমিন দেখা যায়, বাতিন বিপণিবিতান-সংলগ্ন এলাকায় সড়কটি ভেঙে গেছে। ১০ ফুট প্রশস্ত এ সড়কের ওই স্থানের প্রায় ৮০ শতাংশই ভেঙে গেছে। ফলে ওই অংশ দিয়ে হাঁটা ছাড়া কোনো বিকল্প নেই। বাহেরচর গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক হানিফ মিয়া প্রথম আলোকে বলেন, ‘রাস্তাডা ভাইঙ্গা এমন অবস্থা হইছে মানুষই চলতে পারে না, গাড়ি চলব কেমনে?’ ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘রাস্তা ভাঙার পর এলজিইডির কেউ এসে এটি দেখেও যায়নি। দুই সপ্তাহের বেশি সময় হয়ে গেছে, এখনো কেউ এটি মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না। এতে করে আমাদের সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিষয়টি এলজিইডির কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা খোঁজ নিয়েছি, দ্রুত রাস্তাটি মেরামত করার উদ্যোগ নেওয়া হবে।’