সড়ক না ডাস্টবিন?

রাজধানীর মিরপুর, আগারগাঁও ও শ্যামলীর মূল সড়কগুলোর অনেকখানি জুড়ে ময়লা-আবর্জনা ফেলে রাখা হচ্ছে। ময়লার কনটেইনার রাখায় সড়ক সরু হয়ে গেছে। বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। আর ময়লার দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।
গত মঙ্গলবার ওই তিন এলাকা ঘুরে অনন্ত ১৫টি স্থানে মূল সড়কের ওপর ময়লা ফেলতে দেখা গেছে।
টেকনিক্যাল মোড় থেকে মিরপুর-১ নম্বর প্রায় এক কিলোমিটার সড়কের অনন্ত ছয় জায়গায় উন্মুক্তভাবে ময়লা ফেলা হচ্ছে। টেকনিক্যাল মোড়ের এশিয়া সিনেমা হলের উল্টো পাশে, সরকারি ডি-টাইপ কলোনির দেয়াল ঘেঁষে, টোলারবাগ আবাসিক এলাকার ২ নম্বর গেটের উল্টো পাশে, আনসার ক্যাম্প থেকে পাইকপাড়া ঢোকার মুখে, আনসার ক্যাম্প এলাকার সামনে এবং ওয়াক-আপ কলোনির উল্টো পাশে সড়কের ওপর ময়লা পড়ে থাকতে দেখা গেছে।
এর মধ্যে সরকারি এ-টাইপ কলোনির সামনের প্রধান সড়কে প্রায় ১০০ গজ জায়গাজুড়ে ময়লা রাখা হচ্ছে। আশপাশের এলাকা থেকে ময়লা এখানে ফেলা হয়। সিটি করপোরেশনের গাড়ি এসে পরিষ্কার করার আগ পর্যন্ত আবর্জনা এখানেই পড়ে থাকে। একটিমাত্র ময়লার কনটেইনার থাকায় বেশির ভাগ ময়লাই বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। পথচারী ও রিকশাযাত্রীরা নাক চেপে চলাচল করেন। ময়লা ফেলার জায়গার পাশেই ডিএনসিসির অঞ্চল-৪-এর বর্জ্য ব্যবস্থাপনা কার্যালয়। কার্যালয়টি বন্ধ। কলোনির বাসিন্দা রায়হান আহমেদ বললেন, ‘দীর্ঘদিন ধরে এভাবে চলছে। দুর্গন্ধ ঘরের ভেতর পর্যন্ত চলে আসে। বহুবার সিটি করপোরেশনে জানানোর পর বর্জ্য ব্যবস্থাপনা অফিস হয়েছে। কিন্তু অবস্থা বদলায়নি।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, ‘লোকজন টনকে টন লিচুর পাতা এনে ফেলছে। আমরা পরিষ্কার করতে হিমশিম খাচ্ছি। আপনাদের মাধ্যমে জনগণকে অনুরোধ জানাচ্ছি, এভাবে ময়লা না ফেলতে।’
শ্যামলীর রিং রোডে প্রবেশ করলেই শ্যামলী ক্লাব। ক্লাবের সামনের সড়কে সিটি করপোরেশনের দুটি ময়লার কনটেইনার রাখা। কনটেইনার উপচে ময়লা বাইরে এসে পড়েছে। এর কিছু দূরেই বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ। স্কুলের প্রধান ফটকের পাশে, কলেজের দেয়াল ঘেঁষে প্রায় ৫০ গজ জুড়ে ময়লা ফেলা হচ্ছে। কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বললেন, ‘শিক্ষার্থীদের চলাচলের পথে ভোগান্তিতে পড়তে হচ্ছে।’
আগারগাঁওয়ের তালতলা বাসস্ট্যান্ডের ফার্মগেট যাওয়ার পথে সড়কের অর্ধেকের বেশি জায়গাজুড়ে ময়লার কনটেইনার। দুর্গন্ধের কারণে গাড়ির অপেক্ষায় দাঁড়ানো যাত্রীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এসব জায়গা ছাড়াও চিড়িয়াখানা রোডের প্রবেশমুখে, মিরপুর-১ নম্বর ঈদগাহ মাঠের সামনে, রাইনখোলা বাসস্ট্যান্ড, মিরপুর-২ নম্বরে অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের মূল ফটকের সামনে, মিরপুর-৬ নম্বর ঈদগাহ মাঠের সামনে, মিরপুর-১০ নম্বর ফলপট্টি, আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালের বিপরীত পাশের মূল সড়কের ওপর ফেলা হচ্ছে ময়লা।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা বলেন, ‘মেয়রকে জানিয়েছি সড়ক থেকে ময়লা ফেলার জায়গাগুলো সরাতে চাই। কাউন্সিলরদের জায়গা খুঁজতে বলা হয়েছে।’ তাঁর দাবি, আগামী তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে এগুলো সড়ক থেকে সরবেই।