সড়ক নিরাপত্তা সপ্তাহে প্রাণ গেছে ৪৯ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় দেশের সাতটি স্থানে গতকাল রোববার শিশুসহ সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে গত ৯২ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল অন্তত ৭৯৫।

৮ মে শুরু হওয়া জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহের শেষ দিন ছিল গতকাল। এই সাত দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯ জন। ৮ ও ৯ মে ৬ জন করে, ১০ মে ৯ জন, ১১ ও ১২ মে ১৪ জন এবং ১৩ মে ৭ জন ও গতকাল ১৪ মে ৭ জন প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় গতকাল সন্ধ্যায় যাত্রীবাহী একটি বেপরোয়া বাসের ধাক্কায় ফাবিয়া সুলতানা (১০) নামের একটি শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাখাইল গ্রামের আল আমীন মিয়ার মেয়ে। চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তেঘরি গ্রামে বিকেলে পাওয়ার টিলারের ধাক্কায় ফজলুর রহমান (৫৬) নামে সাইকেল আরোহী এক কৃষক নিহত হয়েছেন।

গতকাল দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া মিস্ত্রিপাড়া এলাকায় পিকআপের ধাক্কায় লাকি খাতুন (২৬) নামে এক নারী নিহত হন। আহত হয়েছেন তাঁর স্বামী মোশাররফ হোসেন।

চট্টগ্রামের রাউজানে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাহফুজ সিকদার (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে রাউজান সুরেশ বিদ্যায়তনের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া উপজেলার সিকদারপাড়া এলাকার বাসিন্দা মাহফুজ আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউশনের কর্মচারী ছিলেন।

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় সকালে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে সোলায়মান হাওলাদার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার পত্তাশী গ্রামে।

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র এলাকায় সকালে একটি মালবাহী ট্রাক গভীর খাদে পড়ে গেলে চালকের সহকারী মো. জসিম (২২) নিহত হন। তিনি লক্ষ্মীপুরের খেজুরবাড়ী গ্রামের মো. শফিক পাটোয়ারীর ছেলে।

জামালপুর সদর উপজেলার তিতপল্লা এলাকায় ভোরে ট্রাকচাপায় লুৎফর রহমান (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার নরুন্দি নয়াপাড়া গ্রামে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।