সড়ক নিরাপত্তায় নতুন জোট 'শ্রোতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে গতকাল সড়ক নিরাপত্তায় নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন হোসেন জিল্লুর রহমান। পাশে ইলিয়াস কাঞ্চন (বাঁয়ে) ও সৈয়দ আবুল মকসুদ l প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে গতকাল সড়ক নিরাপত্তায় নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন হোসেন জিল্লুর রহমান। পাশে ইলিয়াস কাঞ্চন (বাঁয়ে) ও সৈয়দ আবুল মকসুদ l প্রথম আলো

সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার জন্য গঠন করা হয়েছে ‘সেইফ রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যালায়েন্স: শ্রোতা’। দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন ও কয়েকজন ব্যক্তির যৌথ উদ্যোগে এ জোট গঠন করা হয়েছে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘শ্রোতা’র আত্মপ্রকাশ ঘটে। এর উদ্যোক্তারা বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি ‘মহামারিতে’ রূপ নিয়েছে। এককভাবে আন্দোলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা কঠিন। সম্মিলিতভাবে কাজ করলে সমস্যার সমাধান দ্রুত ঘটানো সম্ভব। এ জন্যই শ্রোতার আত্মপ্রকাশ। প্রতিবছর শ্রোতার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানানো হয়। এ ছাড়া নানা ধরনের সভা, সংলাপ ও চালক প্রশিক্ষণসহ সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করা হবে।
ছয়টি সংগঠনের সমন্বিত অংশগ্রহণ থাকবে শ্রোতায়। সংগঠনগুলো হলো নিরাপদ সড়ক চাই, ব্র্যাক, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ও বাংলাদেশ সোসাইটি ফর ইমারজেন্সি মেডিসিন। এ ছাড়া ব্যক্তি হিসেবে এ জোটে আছেন লেখক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান। জোটের দাপ্তরিক দায়িত্ব পালন করবে ব্র্যাক। আর জোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।
সংবাদ সম্মেলনে হোসেন জিল্লুর রহমান, ব্র্যাকের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট কর্মসূচির পরিচালক আসিফ সালেহ, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, লেখক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার, সোসাইটি ফর ইমারজেন্সি মেডিসিনের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ও বাংলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হোসেন জিল্লুর রহমান বলেন, সরকারি তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ৪ হাজার মানুষ মৃত্যুবরণ করে। সড়ক দুর্ঘটনাজনিত বাৎসরিক ক্ষতির পরিমাণ ৫ হাজার কোটি টাকা। যা জিডিপির ১ থেকে ৩ শতাংশ। এ অবস্থায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।
ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনায় প্রাণহানিকে মহামারি উল্লেখ করে বলেন, এত দিন তিনি একা বলেছেন, সে জন্য গুরুত্ব দেয়নি সরকার। এখন সম্মিলিতভাবে আওয়াজ তুললে গুরুত্ব বাড়বে।
ব্র্যাকের আসিফ সালেহ বলেন, দুর্ঘটনায় নিহত বা আহতদের ৭২ শতাংশই কর্মক্ষম ব্যক্তি। ফলে এর প্রভাব নিজের, পরিবারের ও দেশের ওপর পড়ছে। তিনি জানান, এই জোটে আরও নতুন কোনো সংগঠন যুক্ত হতে চাইলে পারবে।
হুমায়ুন কবির চৌধুরী বলেন, দুর্ঘটনার পর ঠিকমতো চিকিৎসা দেওয়া গেলে প্রাণহানির পরিমাণ অর্ধেক কমিয়ে আনা সম্ভব।
আলোচনায় আরও অংশ নেন পরিবহন মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার, যাত্রী কল্যাণ সমিতির মোজাম্মেল হক চৌধুরী ও শ্রমিক ফেডারেশনের মোখলেছুর রহমান। এই বক্তারা একে অপরের প্রতি দোষারোপ না করে সবাই মিলে দুর্ঘটনা রোধে কাজ করার আহ্বান জানান।