সড়ক নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান
দুর্ঘটনা প্রতিরোধ ও কমিয়ে এনে সড়ক নিরাপত্তা জোরদার করতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের পুরকৌশল বিভাগ আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন ।
আজ সোমবার সংগঠনটির সেমিনারকক্ষে আয়োজিত কারিগরি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কলেজের অধ্যাপক শোয়েব চৌধুরী।
শোয়েব চৌধুরী তাঁর প্রবন্ধে বলেন, বাংলাদেশে সড়ক-মহাসড়ক তৈরির ক্ষেত্রে বর্তমান সময়কে মাথায় রেখে পরিকল্পনা নেওয়া হয়। এ ধরনের পরিকল্পনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদে পরবর্তী ১০০ বছরের কথা মাথায় রাখার পরামর্শ দেন তিনি।
বর্তমান সময়ে মহাসড়কগুলোতে দুর্ঘটনার নানা পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, দুর্ঘটনার সঙ্গে সড়কের অবস্থা একটি কারণ। এর পাশাপাশি চালকদের অদক্ষতা, শারীরিক ও মানসিক অবস্থা, আচরণগত সমস্যা, আইন অমান্য করার প্রবণতার দিকগুলোও গুরুত্বপূর্ণ। ট্রাফিক ব্যবস্থাপনার সমস্যা, আইনের প্রয়োগের ক্ষেত্রে জটিলতা, জরুরি ব্যবস্থাপনায় পরিকল্পনাহীনতাও দুর্ঘটনা বাড়ার পেছনে দায়ী বলে প্রবন্ধে উল্লেখ করেন শোয়েব চৌধুরী।
দুর্ঘটনা প্রতিরোধ ও কমিয়ে আনতে সড়ক ব্যবস্থাপনা ও নির্মাণের ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর কথাও বলেছেন তিনি। চলতি অর্থবছরে সড়ক, রেল ও সেতু বিভাগের জন্য মাত্র ৪ হাজার ৬০৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এত অল্প বরাদ্দ দিয়ে সড়ক খাতের উন্নয়ন সম্ভব কি না।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের পুরকৌশল বিভাগের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশনের সভাপতি শামীমুজ্জামান বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বক্তব্য রাখেন মিয়া মোহাম্মদ কাইয়ুম, জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ইতিমধ্যে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে ঝুঁকিপূর্ণ ২০৪টি বাঁকের অধিকাংশই ঠিক করা হয়েছে। তার পরও সড়ক দুর্ঘটনা না কমার পেছনে চালকদের অসচেতনতা, আইনের প্রয়োগ না থাকা এবং ব্যবস্থাপনার সংকটকে দায়ী করেন। চালক-মালিকসহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে উন্নত দেশগুলোর প্রচলিত ব্যবস্থা পর্যালোচনা করে সঠিক একটি পদ্ধতি হাতে নেওয়া, অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন বক্তারা।