সড়ক নির্মাণের জন্য ভবনের একাংশ উচ্ছেদ
সড়ক নির্মাণের জন্য গতকাল শনিবার রাজশাহী নগরের নিউমার্কেট এলাকায় একটি তিনতলা ভবনের একাংশ উচ্ছেদ করা হয়েছে। ভবনটির কারণে ওই সড়কের কাজ ছয় মাসের জন্য বিলম্বিত হয়। মালিককে নোটিশ দেওয়ার পরও সরিয়ে না নেওয়ায় জেলা প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) নগরের সাহেববাজার থেকে গৌরহাঙ্গা মোড় পর্যন্ত সড়ক নির্মাণের কাজ ২০১০ সালের অক্টোবর মাসে শুরু করে। এ জন্য প্রথমেই গৌরহাঙ্গা থেকে পান্থশালা পর্যন্ত এলাকার জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু সড়কের এই অংশের একটি তিনতলা ভবনের মালিক আবদুল মালেক ও তাঁর অংশীদারেরা তাঁদের ভবনের একাংশ সরিয়ে নেননি। তাঁদের ভবনটি ২৬ দশমিক ৯৪ শতাংশ জমির ওপর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসন ৭ দশমিক ৫ শতাংশ জমি অধিগ্রহণ করেছে।মালিকেরা জমি ও স্থাপনার মূল্য কম হয়েছে বলে আদালতে সালিসি মামলা করেন। এ মামলার কারণে সড়কের এই অংশের নির্মাণকাজ ছয় মাসের জন্য বিলম্বিত হয়। কিন্তু আদালত আরডিএর সড়ক নির্মাণের কার্যক্রমের ওপর কোনো স্থগিতাদেশ দেননি। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য চিঠি দিলেও ভবন মালিক স্থাপনা সরিয়ে নেননি। এ কারণে একপর্যায়ে ভবনের ৭ দশমিক ৫ শতাংশ জমির ওপর থাকা অংশ অবৈধ স্থাপনা হিসেবে গণ্য হয়।আরডিএর প্রকৌশলী আনিসুর রহমান বলেন, ১ দশমিক ২ কিলোমিটার সড়কের গৌরহাঙ্গা থেকে পান্থশালা অংশের একটি স্থাপনার মালিক উল্টো সালিসি মামলা করার কারণে রাস্তার কাজ ছয় মাস বিলম্বিত হয়েছে। উন্নয়নকাজের জন্য জমি অধিগ্রহণ করার পর কোনো পক্ষ মামলা করলেও আদালত উন্নয়নকাজ স্থগিত করেন না। তিনি আরও বলেন, ওই মৌজার অন্যান্য মালিকের জমির যে মূল্যায়ন করা হয়েছে, আবদুল মালেক গংয়ের ক্ষেত্রেও তা-ই করা হয়েছে।