সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ থেকে শম্ভুগঞ্জ সড়কের ২০ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ দ্রুত সম্পন্ন ও পরিবেশদূষণ রোধ করার দাবিতে গতকাল মঙ্গলবার মুক্তিযোদ্ধা-জনতার যৌথ উদ্যোগে সড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়েছে। পৌরসভার সামনে থেকে মুক্তিযোদ্ধা সংসদ পর্যন্ত এই কর্মসূচি চলার সময় মহাসড়কে চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে পুরো রাস্তায় বড় বড় খানাখন্দ ও মাত্রাতিরিক্ত ধুলাবালুর কারণে এলাকার পরিবেশ বিষিয়ে উঠেছে। প্রতিবাদে ও সড়ক নির্মাণের দাবিতে ঈশ্বরগঞ্জের মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনতা বিশেষ করে দোকানদাররা তাঁদের ব্যবসা বন্ধ করে মানববন্ধন ও অবরোধে অংশ নেন। পরে বেলা একটায় ময়মনসিংহের জেলা প্রশাসক ঈশ্বরগঞ্জ নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দ্রুত রাস্তার কাজ করা ও রাস্তায় পানি দেওয়ার ঘোষণার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌদেন্দ্র কিশোর চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সাত্তার, মুক্তিযোদ্ধা আবদুল হাই, গাবিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার ও সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।