সড়ক নেই, কালভার্ট পড়ে আছে ৩০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাকলের বিলে প্রায় ৩০ বছর ধরে দাঁড়িয়ে রয়েছে একটি কালভার্ট। কালভার্টটির উভয় পাশে কোনো সড়ক নেই।স্থানীয় সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্থায়নে আশির দশকে চাকলের বিলের দক্ষিণের চাপিলা আর উত্তরের ধারাবারিষা ইউপির মধ্যে যোগসূত্র তৈরির জন্য বিলের মাঝখানে কালভার্টটি নির্মাণ করা হয়। এর উভয় পাশে মাটির রাস্তাও নির্মাণ করা হয়েছিল। কিন্তু প্রতিরোধের ব্যবস্থা না থাকায় বিলের পানির ঢেউয়ে নির্মাণের পরপরই সেই রাস্তাটি বিধ্বস্ত হয়। একই সঙ্গে কালভার্টের অবস্থাও শোচনীয় হয়ে পড়ে। এভাবে কেটে গেছে প্রায় ৩০ বছর।সরেজমিনে দেখা গেছে, কালভার্টের একটি গার্ডওয়াল কোনো রকমে দাঁড়িয়ে থাকলেও তিনটি গার্ডওয়াল মূল সেতু থেকে খুলে পড়ে গেছে। খুলে যাওয়া গার্ডওয়ালের ইটগুলোও নেই। যেকোনো সময় মূল কালভার্টটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী মো. শফিউল আযম বলেন, ‘কালভার্টটি আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই কোনো কাগজপত্রও আমাদের দপ্তরে নেই।’স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস জানান, অপরিকল্পিতভাবে আর্থিকসুবিধা ভোগ করতেই কালভার্টটি নির্মাণ করা হয়েছিল। তাই ধুঁকে ধুঁকে এটি শেষ হয়ে গেছে। বিস্তীর্ণ এলাকার মানুষের কথা বিবেচনা করে এই কালভার্টের স্থলে বড় সেতুসহ পাকা সড়ক নির্মাণ করা হবে। যাতে বিলের পানি দ্রুত নিষ্কাশন হয়।