দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া-রংপুর সড়কের বিভিন্ন স্থানে চলছে ধান ও ভুট্টা মাড়াই। সড়কের পাশে রয়েছে সারি সারি খড়ের পালা। আর পুরো সড়কজুড়ে শুকানো হচ্ছে ভুট্টা, ধান ও খড়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর ভুট্টা ও বোরোর মৌসুমে (মে-জুন) সড়কটি কৃষকদের দখলে থাকে। এ সময় সড়কে দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যায়। গত এক সপ্তাহে অন্তত তিনটি দুর্ঘটনায় দুজন নিহত ও ছয়জন গুরুতর আহত হয়েছে। ফুলবাড়ী থেকে মধ্যপাড়া পর্যন্ত ১৫ কিলোমিটারের মধ্যে গত বছরের এই সময়ে কমপক্ষে ১৪-১৫ জন দুর্ঘটনায় প্রাণ হারায় এবং অনেকে পঙ্গু হয়ে যায়। দলদলিয়া ডাঙ্গাপাড়া, মহেষপুর, তেঁতুলিয়া, চিলাপাড়া, ভাগলপুর, ভালকা জয়পুর, মহিষবাতান, রসুলপুরসহ ১০টি গ্রামের কৃষকেরা তাঁদের জমির ধান ও ভুট্টা এই সড়কের ওপর মাড়াই করেন।সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্থানে সড়কের পাশে সারিবদ্ধভাবে খড়ের পালা দেওয়া হয়েছে। অনেকে যন্ত্র দিয়ে সড়কের ওপর ধান মাড়াই করছেন। মাড়াই শেষ হওয়া খড় ও ধান সড়কের ওপর শুকানো হচ্ছে। আর এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। জিয়ার মোড় এলাকায় কর্মরত কৃষক নূরুল ইসলাম বলেন, এখন কেউ আগের মতো বাড়ির সামনে ফাঁকা জায়গা রাখে না। নিরুপায় হয়ে সড়কটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তিনি।জানা গেছে, ২৩ মে বিকেলে সড়কটির মহেষপুর চৌরাস্তা মোড়ে একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ২১ মে আয়শার মোড় এলাকায় দুর্ঘটনায় শরিফুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এ ছাড়া সম্প্রতি সড়কে ভুট্টা শুকানোর কাজ করার সময় এক শিশু দুর্ঘটনায় মারা যায়। দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা-বিষয়ক সভা ও মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিলে তাঁদের কিছু করার নেই।