সড়ক নয়, যেন নর্দমা
অতিরিক্ত যানবাহনের চাপে দিনাজপুর শহরের কাঞ্চন চৌরাস্তা মোড় খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতে জমে যায় হাঁটুপানি। চার বছর ধরে মোড়টির এই বেহাল দশা চলছে। এই রাস্তা এত দিনেও সংস্কার করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগসহ স্থানীয় জনপ্রতিনিধি।তবে সড়ক বিভাগ বলছে, রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কবে নাগাদ কাজ শুরু হবে তা বলতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।গত রোববার সরেজমিনে দেখা যায়, মোড়টির প্রায় ২০ মিটার ব্যাসার্ধ জুড়ে বড় বড় গর্ত। চারপাশের রাস্তার চেয়ে কমপক্ষে দুই ফুট নিচু মোড়টি। মোড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে কমপক্ষে তিন শতাধিক দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও কাঁচাবাজার। রাস্তার কোথাও কাদাপানি জমে আছে, খোয়া-ইট উঠে ছড়িয়ে-ছিটিয়ে আছে যত্রতত্র। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলতে দেখা গেছে মালবাহী ট্রাক-ট্রাক্টর, যাত্রীবাহী বাস-কারসহ সব যানবাহন।কাঞ্চন মোড়ের একমাত্র পেট্রলপাম্পটির নাম কাঞ্চন ফিলিং স্টেশন। এর মালিক মো. আবদুল মালেক বলেন, দিনাজপুর থেকে বিরল, বোচাগঞ্জ, কাহারোল এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ যেতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। প্রতিদিন শত শত যানবাহন এই পথে চলাচল করে। কিন্তু গত চার বছর ধরে কাঞ্চন মোড়টির চরম দুরবস্থা চলছে। মন্ত্রী, সাংসদ, জেলা প্রশাসক-সরকারি কর্মকর্তা সবাই এ সড়কে যাতায়াত করে। ব্যবসাপ্রতিষ্ঠান নিউ অগ্রণী এন্টারপ্রাইজের মালিক মহির উদ্দিন বলেন, খানাখন্দের কারণে হয় রিকশা-ভ্যানের চাকা, নয়তো গরুর গাড়ির চাকা আটকে যায়।দিনাজপুর মোটর মালিক সমিতির সভাপতি ভবানী শংকর আগরওয়ালা বলেন, বাস বা ট্রাকে লোড বেশি থাকলে সাবধানে মোড়টি পার হতে হয়। কিন্তু অনেক চালক সেটা করেন না। আর তখন গাড়ির স্প্রিং পাতি ভেঙে যায়।সংশ্লিষ্ট দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাংসদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কাঞ্চন মোড় সড়ক বিভাগের অধীন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। দিনাজপুর থেকে কাঞ্চন মোড় হয়ে বোচাগঞ্জ পর্যন্ত রাস্তাটি সংস্কারে দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু ঠিকাদার কাজ না করায় তাঁর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। পুনরায় নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী দুই-এক মাসের মধ্যে রাস্তাটির সংস্কার সম্পন্ন হবে বলে তিনি জানান।দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, রাস্তাটি নির্মাণে পুনরায় দরপত্র আহ্বান করে মূল্যায়নের কাজ চলছে। কিন্তু কবে নাগাদ কাজ শুরু হবে এ ব্যাপারে নিশ্চিত করে বলা সম্ভব নয়।