সড়ক নয়, যেন খাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে রাস্তা খুঁড়ে রাখায় চলাচলে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে রাস্তা খুঁড়ে রাখায় চলাচলে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

প্রায় আধা কিলোমিটার সড়কটিতে পানি থই থই করছে। যেন পুরোদস্তুর খাল। এলাকার লোকজন সেখানে মাছও ধরছেন। বিকল্প না থাকায় গ্রামের প্রায় এক শ পরিবার এ পথ দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। শিক্ষার্থীরাও এ সড়ক দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে।

এটি নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের একটি সড়ক। ১ কিলোমিটার সড়কটির অর্ধেক অংশ খুঁড়ে রাখা হয়েছে। বৃষ্টির পানি জমে দুর্ভোগে পড়েছেন গ্রামের বাসিন্দারা।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা কার্পেটিং করতে কার্যাদেশ পায় নড়াইলের মেসার্স জিসান কনস্ট্রাকশন। ৫৭ লাখ ৭৩ হাজার টাকার এ প্রকল্পের কাজ শেষের মেয়াদ ছিল গত ৩০ জুন। কার্যাদেশ পাওয়া ঠিকাদার তরিকুল ইসলাম কাজটি করছেন না। বর্তমানে সড়কটির কাজ করছেন স্থানীয় লাহুড়িয়া গ্রামের বাসিন্দা ঠিকাদার কমর খান। সড়কটির ১ কিলোমিটার খোঁড়ার পর আধা কিলোমিটার অংশ বালি ভরাট করা হয়েছে। বাকি আধা কিলোমিটার বালি ভরাট করা হয়নি। পাঁচ মাস ধরে এ অবস্থায় রয়েছে সড়কটি।

গত রোববার সরেজমিনে দেখা যায়, মাকড়াইল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখী সড়কটিতে শিক্ষার্থীরা হাঁটু পানি ভেঙে পার হচ্ছে। জামা-কাপড় ও বইপত্র কাদাপানিতে ভিজে একাকার। অনেক অভিভাবক শিশুকে কোলে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছেন। স্থানীয় লোকজন মালামাল পরিবহন করছেন মাথায় করে। গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটির কোনো বিকল্প নেই। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ পথেই চলতে হয়। আবার এলাকার প্রায় এক শ পরিবারের যাতায়াতের জন্য এটিই একমাত্র পথ। এ ছাড়া এই পথ ব্যবহার করেই যেতে হয় মাকড়াইল বিলে। এলাকার কয়েকটি গ্রামের মানুষের ফসলি জমি রয়েছে এ মাঠে।

মাকড়াইল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারিয়া, আরিফা ও নাহিদ বলে, এ রাস্তায় একা যেতে ভয় লাগে। তাই দল বেঁধে পার হই। শিশু শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক ময়না খানম বলেন, ‘মেয়েকে কোলে করে স্কুলে দিতে গিয়ে পানি-কাদাতে অনেকবার পড়ে গেছি। তাই সব দিন স্কুলে যাওয়া হয় না।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হিমায়েত হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৩৫০ জন। বর্ষা মৌসুমে অর্ধেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না।

স্থানীয় বাসিন্দা জোবান মোল্লা বলেন, ‘হ্যান্নে পাটের মৌসুম। এ অবস্থায় পাট কাটে মাথায় করে নিতি হচ্ছে। বাজারে মালামালও মাথায় করে নিচ্ছি। ছাগল-গরু বাড়িরতে বাইর করতি পারছি না। রাস্তার জন্যি কি যে দুর্ভোগ তা আমরাই বুঝচ্ছি।’

ঠিকাদার তরিকুল ইসলাম বলেন, ‘কাজটি এলাকার ঠিকাদার কমর খানের কাছে বিক্রি করে দিয়েছি। লোকজনের ভোগান্তি হচ্ছে তা আমি জানি। বারবার কমরকে তাগাদা দিচ্ছি। কাজ না করলে শেষে আমিই করব।’

এ ব্যাপারে কমর খানের সঙ্গে যোগাযোগ করতে মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।

এলজিইডি নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ বলেন, ‘কার্পেটিং করতে ওই রাস্তা খুঁড়ে রাখায় এলাকার লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক চেষ্টা করেও ঠিকাদারকে দিয়ে কোনোভাবেই কাজ করানো যাচ্ছে না। কেন কাজ করছেন না তাও বুঝতে পারছি না। এখন কার্যাদেশ বাতিল করতে হবে।’