সড়ক নয়, যেন চাষের জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখে মনে হবে, যেন হালচাষ করা খেত। কোথাও কোথাও কুয়ার মতো গর্ত। এমনই অবস্থা নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের। ফলে এক ঘণ্টার পথ পাড়ি দিতে লাগে চার থেকে পাঁচ ঘণ্টা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে প্রায় ৩৭ কিলোমিটার ওই সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় নেত্রকোনা সওজ। ৫টি ছোট সেতু, ১০টি কালভার্টসহ ৮০ কোটি টাকা ব্যয়ে এ কাজ করা হয়। আগে সড়কটির প্রস্থ ছিল ১২ ফুট, তা বাড়িয়ে ১৮ ফুট করা হয়। কিন্তু সংস্কারের দেড় বছরের মাথায় ২০১৪ সালের শেষ দিকে সড়কের কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বর্তমানে সড়কটির দুই-তৃতীয়াংশের বেশি অংশজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। আগে মাঝে মাঝে ইট-বালু ফেলে খানাখন্দ ভরাটের চেষ্টা করা হতো। মাস তিনেক ধরে তা-ও বন্ধ। সামান্য বৃষ্টিতেই কাদা পানিতে একাকার হয়ে যায় পুরো সড়ক। আবার নদীর ভেজা বালুভর্তি ট্রাক থেকে পানি চুইয়েও কাদায় পরিণত হচ্ছে সড়ক। একবার কাদা হলে গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলও সম্ভব হয় না। যখন-তখন আটকে যায় ট্রাক-বাসসহ অন্যান্য যানবাহন।
সওজ কর্তৃপক্ষ বলছে, নতুন করে প্রশস্ত করার সময় সড়কে বালুর যে স্তর দেওয়ার প্রয়োজন, তা দেওয়া হয়নি। তাই সড়কটি দেবে গিয়ে এমন অবস্থা হয়েছে। এ ছাড়া দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে বালু-পাথর-কয়লা এবং বিজয়পুর পাহাড় থেকে সাদা মাটি উত্তোলন করে এ সড়ক দিয়ে প্রতিদিন দেড় হাজারের বেশি ট্রাক যাতায়াত করে। বেশির ভাগ ট্রাকেই ২৫ থেকে ৩০ টন পর্যন্ত ভেজা বালু বা অন্যান্য মালামাল থাকে। মাত্রাতিরিক্ত ভারী যান চলাচলের কারণে সড়কটির এমন অবস্থা হয়েছে। এটি ঢাকা, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা শহর থেকে দুর্গাপুরে যাতায়াতের একমাত্র সড়ক।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দুর্গাপুরের উতরাইল বাজার থেকে পূর্বধলার চৌরাস্তার কাছাকাছি আতকাপাড়া লালমিয়ার দোকান পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার সড়কের কোথাও পিচঢালাই নেই। সড়কের গর্তে জমে আছে পানি আর কাদা। কোথাও কোথাও ট্রাকের চাকা আটকে পড়ে আছে।
পূর্বধলার ব্রাহ্মণখালী সেতুর কাছে ট্রাক নিয়ে খাদে আটকা পড়া চালক জহিরুল মিয়া বলেন, দুই মাস পর তিনি এ সড়কে এসেছেন। জারিয়া থেকে বালু নিয়ে আসতে পথে তিনবার চাকা খাদে আটকা পড়েছে। প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে পাঁচ ঘণ্টার বেশি সময় চলে গেছে।
বাসচালক নয়ন বলেন, ‘প্রায় এক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে সড়কে বাস চালাই। আগে প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিরিশিরি থেকে ময়মনসিংহে ২০ মিনিট আর ঢাকায় ৩০ মিনিট পরপর বাস চলত। এখন দিনে ময়মনসিংহে চারটি ও ঢাকায় দুটি চলে। টানা বৃষ্টি থাকলে বাস বন্ধ থাকে।’ তিনি বলেন, বৃষ্টি হলে মনে হয় এটি সড়ক নয়, যেন চাষের জমি।
ঝানঞ্জাইল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আঁখি, স্বর্ণা, সুমাইয়াসহ অন্তত ১২ জন শিক্ষার্থী বলে, সড়কটির এ অবস্থার কারণে অটো বা রিকশা না চলায় বাড়ি থেকে তাদের এখন তিন-চার কিলোমিটার পথ হেঁটে কাদা মাড়িয়ে স্কুলে আসতে হয়।
তেরিবাজার এলাকার মুদির দোকানি নিতাই চন্দ্র বলেন, রাস্তাটি খারাপ হওয়ায় ময়মনসিংহ থেকে মালামাল নিয়ে নেত্রকোনা হয়ে ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়ক হয়ে দুর্গাপুরে আসতে হয়। এতে ৫৫ কিলোমিটারের বেশি পথ ঘুরতে হয়। পরিবহন খরচও দ্বিগুণ দিতে হয়। ক্রেতাদের কাছে পণ্যের দাম বেশি রাখতে হয়।
দুর্গাপুরের শান্তিনগর এলাকায় পথচারী আবুল মিয়াসহ তিনজন বলেন, দুর্গাপুরের সাংসদ ছবি বিশ্বাস আর পূর্বধলার সাংসদ ওয়ারেসাত হোসেনকে এই রাস্তা দিয়ে আসতে হয় না। তাই মানুষের কষ্ট তাঁরা বোঝেন না।
দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য গত এপ্রিলে যোগাযোগ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছি।’
সড়কটি সংস্কারের দাবিতে ৫ জুন মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। দুর্গাপুর ও পূর্বধলা উপজেলায় সড়কটির অন্তত ১৩টি স্থানে প্রায় ২০টি সংগঠন একযোগে এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে ছবি বিশ্বাস একাত্মতা পোষণ করে বক্তব্য দেন।
জানতে চাইলে পূর্বধলার সাংসদ ওয়ারেসাত হোসেন বলেন, সড়কটি নতুন করে নির্মাণের প্রস্তাব দ্রুতই পাস হবে। তখন রাস্তায় ওজন মাপার স্টেশন বসানো হবে। অতিরিক্ত মালবাহী যান চলাচল করতে দেওয়া হবে না।
নেত্রকোনা সওজের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, সড়কটি নতুন করে নির্মাণের জন্য ৩১৬ কোটি টাকা খরচ ধরে গত জানুয়ারিতে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।