সড়ক নয়, যেন ডোবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত কয়েক দিনের বৃষ্টিতে লোহাগাড়ার দরবেশ হাট ডিসি সড়কের গর্তে জমেছে পানি। গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো
গত কয়েক দিনের বৃষ্টিতে লোহাগাড়ার দরবেশ হাট ডিসি সড়কের গর্তে জমেছে পানি। গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো

পিচঢালাই উঠে গেছে। এমনকি ইটের অস্তিত্বও নেই। সড়কজুড়ে বড় বড় গর্ত। তার ওপর গর্তে জমেছে বৃষ্টির পানি। দেখে মনে হবে ডোবা। এসব গর্তে পড়ে প্রায় সময় আটকে যাচ্ছে গাড়ি। কাদাপানিতে একাকার হয়ে যাওয়ায় হাঁটাও দায় হয়ে পড়েছে।
এই হাল লোহাগাড়ার দরবেশ হাট ডিসি সড়কের। ২০ কিলোমিটারের সড়কটির দরবেশহাট থেকে সুখছড়ি আবদুল খালেক শাহ গেট পর্যন্ত সাড়ে কিলোমিটার অংশ এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত সোমবার সরেজমিনে গেলে দেখা যায় এ চিত্র।
সড়কে চলাচলকারী যাত্রীরা বলেন, লোহাগাড়া উপজেলা সদরের সঙ্গে পুটিবিলা, চুনতি ও সদর ইউনিয়নের প্রায় এক লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। এ ছাড়া বান্দরবানের লামা উপজেলার কেয়াজুপাড়ার লোকজনও লোহাগাড়া আসার জন্য বিকল্প সড়ক হিসেবে এটি ব্যবহার করেন। সড়কে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও ট্রাক চলাচল করে।
দরবেশ হাট এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রথম দিকে ছোট ছোট গর্ত ছিল। কিন্তু এসব গর্ত দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ডোবার আকার ধারণ করেছে। ফলে বেড়েছে গাড়ি ভাড়া। বৃষ্টি হলে বেশি দুর্ভোগে পড়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তার বলে, রাস্তাটি দিয়ে এখন হাঁটাও দায় হয়ে পড়েছে। গাড়িতে উঠলেও ভয়ে বুক কাঁপে। গর্তে পড়ে কখন আবার গাড়ি উল্টে যায়।
স্থানীয় ব্যবসায়ী মো. আজিজ বলেন, লোহাগাড়া সদরের ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র দরবেশ হাট। কেনাকাটার জন্য সবাই এখানে আসেন। সড়কের দুরবস্থার জন্য এখন ক্রেতা কমে গেছে।
সিএনজিচালিত অটোরিকশাচালক নজির আহমদ বলেন, দিনে দুই বারের বেশি সড়কে আসা-যাওয়া করা যায় না। প্রায় সময় গাড়ি যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) লোহাগাড়া উপজেলা কার্যালয় সূত্র জানায়, সড়কটিতে সর্বশেষ সংস্কার করা হয় ২০১৩ সালে। এরপর আর হাত পড়েনি।
লোহাগাড়ার সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরচ্ছফা বলেন, দরবেশহাট ডিসি সড়কটির সাড়ে চার কিলোমিটার অংশ সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই তা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।