সড়ক নয় যেন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা শহরের প্রধান সড়কের চৌরঙ্গী মোড় থেকে গাছবাড়ী পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গোটা রাস্তা খানাখন্দে ভরা। এটা এখন মরণফাঁদে পরিণত হয়েছে।পথচারী এরশাদ হোসেন (২০) জানান, এ রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। চার-পাঁচ বছর ধরে রাস্তাটা এ অবস্থায় আছে, কারও কোনো মাথাব্যথা নেই। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। একটু বৃষ্টি হলে রাস্তায় হেঁটে চলাচলও দুঃসাধ্য হয়ে পড়ে। রিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেলে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে।রিকশাচালক সাহেব আলী (৪৫) জানান, রাস্তাটা এত খারাপ যে রিকশা চালানো যায় না। গোটা রাস্তা খানাখন্দে ভরা, কোথাও ভালো নেই। বৃষ্টি হলে গর্তগুলো রাস্তার সঙ্গে সমান হয়ে থাকে, তখন দুর্ঘটনা বেশি হয়।ব্যবসায়ী ওমর ফারুক (৪০) জানান, একটি জেলা শহরের রাস্তার এমন দশা, অথচ অবস্থা দেখে মনে হচ্ছে এটি দেখার কেউ নেই। এর চেয়ে গ্রামের কাঁচা রাস্তাগুলোও অনেক ভালো আছে। এটা এখন মরণফাঁদ হয়ে দেখা দিয়েছে।গৃহিণী পুবালী দাস (৩৫) বলেন, ‘সন্তানসম্ভবা মায়েরা পড়ে যাওয়ার ভয়ে রিকশায় না উঠে হেঁটে চলাচল করে। আর বাচ্চাদের স্কুলে পাঠিয়ে সব সময় ভয়ে থাকি, কখন যে কী হয়!’নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘এটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সড়ক, তারা কাজ করছে না। অনেকবার তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছি না।’নীলফামারী সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আপেল মাহমুদ বলেন, ‘ওই রাস্তাটি করার জন্য আমরা ২০০৮ সালের ৭ জুলাই আরএনআই এমপি-২ প্রকল্পের কাছে হস্তান্তর করি। ওই প্রকল্পের আওতায় ঠিকাদারি একটি প্রতিষ্ঠানের আবদুল মোনেম দরপত্রের মাধ্যমে কার্যাদেশ পান, কিন্তু তিন বছর অতিবাহিত হলেও তাঁরা কাজ শুরু করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কাজটি প্রকল্পের আওতায় যাওয়ার কারণে আমরা সেখানে কোনো টাকা খরচ করতে পারছি না।’আরএনআই এমপি-২ প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ‘জমি অধিগ্রহণের কাজ শেষ না হওয়ায় কাজটি এত দিন করা সম্ভব হয়নি। ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে, প্রক্রিয়া শেষের দিকে। শহরের আড়াই কিলোমিটার রাস্তার কাজ যাতে দ্রুত শুরু করা যায়, সে ব্যাপারে আমরা ঠিকাদারের সঙ্গে কথা বলছি। গত ২৪ জুন ঠিকাদারি প্রতিষ্ঠানটির কার্যাদেশের মেয়াদ শেষ হওয়ায় আবারও এক বছরের জন্য সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।’নাম প্রকাশ না করার শর্তে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি বলেন, ‘জমি হস্তান্তর না হওয়ায় আমরা কাজ শুরু করতে পারছি না, তবে ছোটখাটো সংস্কারগুলো করে যাচ্ছি।’