সড়ক নয়, 'নরক'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বরগুনার পাথরঘাটা পৌরসভার গুরুত্বপূর্ণ ঈমান আলী সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। সম্প্রতি তোলা l ছবি: প্রথম
বরগুনার পাথরঘাটা পৌরসভার গুরুত্বপূর্ণ ঈমান আলী সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। সম্প্রতি তোলা l ছবি: প্রথম

বেহাল সড়ক—৯৩

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

বরগুনার পাথরঘাটা পৌর শহরের বিষখালী নদীর তীরে শহর রক্ষা বাঁধ ধরে দক্ষিণ দিকে চার কিলোমিটার সড়ক। এই অংশের অবস্থা এতটাই বেহাল যে এলাকার লোকজন এ সড়ককে বলে ‘নরক’। শুধু এ সড়কই নয়, পৌর শহরের অধিকাংশ সড়কই বেহাল হয়ে আছে দীর্ঘদিন।

সরেজমিনে দেখা যায়, শহরের ঈমান আলী সড়কের দক্ষিণ অংশে সিমেন্টের ঢালাই ভেঙে চৌচির হয়ে ইট বের হয়ে আছে। সড়কটি ধরে একটু এগোতেই শহর রক্ষা বাঁধের চার কিলোমিটার সড়ক। এই অংশও ভেঙে একাকার। কোথাও ঢালাই ধুয়েমুছে মাটি বের হয়ে গেছে। এই অংশে মাঝে মাঝে সড়কের দুপাশে কাঠের পাইলিং করা হয়েছে।

হারুন অর রশিদ নামের একজন সাইকেল আরোহী বললেন, ‘ছবি তুইল্লা করবেন কী! এইডা এহন আর সড়ক না। এইডার নাম নরক। ১০ বছর ধইর‍্যা রাস্তার এ অবস্থা। বছর বছর পৌরসভা খালি ট্যাক্স বাড়ায়, কিন্তু রাস্তাঘাটের উন্নতি নাই। এই রাস্তায় রিকশাও চলে না। হেইতে সাইকেল কিনছি। কী যে কষ্ট!’

পৌরসভা সূত্রে জানা যায়, পৌর এলাকায় প্রায় ৩০ হাজার মানুষের বাস। শহরে সাড়ে ৮১ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে মোটামুটি ভালো ১২ কিলোমিটারের বেশির ভাগই শহরের প্রধান সড়ক। বাকি সাড়ে ৬৯ কিলোমিটার অংশের পিচ উঠে গেছে বহু আগে। এরপর ক্ষয় হতে হতে সেসব সড়কে খানাখন্দ তৈরি হয়েছে। এখন এসব সড়ক চলাচলের উপযোগী নেই।

শহরের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল খালেক বলেন, পাথরঘাটা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে ২৫ বছর আগে। এরপর দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েছে, তা-ও অনেক দিন। সুযোগ-সুবিধা বলতে কিছুই নেই। কিন্তু বছর বছর করের বোঝা বাড়ছে।

পৌরসভার নারী কাউন্সিলর মুনিরা ইয়াসমিন বলেন, ৩ নম্বর ওয়ার্ডের চলাচল উপযোগী একটি সড়কও নেই। আর ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত বিষখালী নদীর পাথরঘাটা শহর রক্ষা বাঁধের চার কিলোমিটার সড়ক গত ১০ বছরেও সংস্কার করা হয়নি। এতে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন পৌর বাসিন্দারা।

বরইতলা এলাকার হাজী জালাল উদ্দিন মহিলা কলেজের সামনের সড়কটির অবস্থাও বেহাল। এ সড়কেও কোনো যানবাহন চলাচল করতে পারে না।

এলাকার কয়েকজন বলেন, এ সড়কে তাঁরা হেঁটে চলাচল করেন।

পৌরসভার প্রকৌশলী মজিবুল হায়দার বলেন, ঈমান আলী সড়কের দক্ষিণ অংশ, শহর রক্ষা বাঁধ সড়ক, জজ বাড়ি স্কুল সড়ক, খাড়াকান্দা সড়ক, পহলান বাড়ি সড়ক, সড়ক ও সাউথ পয়েন্ট একাডেমি বিদ্যালয় সড়ক ও কাশ্মীর সড়ক অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। কিন্তু পৌরসভার তহবিলে অর্থ নেই।

মেয়র আনোয়ার হোসেন আকন বলেন, ঘূর্ণিঝড় সিডর এবং পরে নানা প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিধ্বস্ত হয়ে পড়েছে পুরো পৌর এলাকা। এমনিতেই সাগর তীরবর্তী এ শহর ঝুঁকিপ্রবণ। কিন্তু পৌরসভা প্রতিষ্ঠার ২৫ বছরেও শহরটি সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় আসেনি। জলবায়ু পরিবর্তন প্রকল্পেও অন্তর্ভুক্ত হয়নি। এ ধরনের কোনো প্রকল্প ছাড়া আপাতত সড়কগুলোর উন্নয়ন বা সংস্কার করার সামর্থ্য পৌরসভার নেই।