সড়ক পরিবহন আইনে বিপরীতমুখী ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক গণসংলাপে বক্তারা বলেছেন, প্রস্তাবিত সড়ক পরিবহন আইন, ২০১৭-তে শাস্তির বিষয়টি সুচিন্তিত অবস্থানে নেই। আইনের দৃষ্টিকোণ থেকে বিশৃঙ্খল, বিপরীতমুখী এবং ফলাফল আনবে না এমন সব শাস্তির বিধান এতে রাখা হয়েছে। শাস্তির বিধান যুক্তিযুক্ত ও সময়োপযোগী না করলে পুরো আইনের উদ্দেশ্যই রহিত হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘সড়ক পরিবহন আইন, ২০১৭ কীভাবে জনগণের প্রত্যাশা পূরণ করবে’ শীর্ষক এই গণসংলাপ অনুষ্ঠিত হয়। ব্র্যাক ও সেফ রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যালায়েন্স (শ্রোতা) এই সংলাপের আয়োজন করে।

বক্তারা বলেন, আইন লঙ্ঘনের ক্ষেত্রে এখানে অনেক বড় মেয়াদে কারাদণ্ড ও আর্থিক দণ্ডের বিধান রাখা হয়েছে। আবার আইনটির ৫৬ ধারায় সব অপরাধ জামিনযোগ্য এবং আপসযোগ্য করা হয়েছে, যা একটি আইনে সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান। তা ছাড়া, আইনটি তৈরির ক্ষেত্রে ইচ্ছা ও দৃষ্টিভঙ্গির ব্যাপক ঘাটতি রয়েছে।

সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, প্রস্তাবিত আইনে দুর্ঘটনা তদন্তের বিষয়টি বাধ্যতামূলক করা হয়নি। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট আইনি বাধ্যবাধকতা থাকতে হবে। তিনি বলেন, আইনে শাস্তিগুলোকে মনে হচ্ছে খামখেয়ালিভাবে করা হয়েছে। সুচিন্তার কোনো বহিঃপ্রকাশ সেখানে নেই। এই আইন অদ্ভুত ধরনের আমলাতান্ত্রিক অবহেলার মধ্য দিয়ে তৈরি হয়েছে।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, আইন প্রণয়ন করার ক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে, এখানে তা নেই। এটা একটা বড় ধরনের গ্যাপ। আবার চালকের সব অপরাধ কেন জামিনযোগ্য তা বোঝা মুশকিল। অনেক জায়গায় বলা হয়েছে, বিধিমালা বিষয়টি নির্ধারণ করবে। সে ক্ষেত্রে বিধিমালা না হওয়ার আগ পর্যন্ত অনেক কিছুই অস্পষ্ট থেকে যাচ্ছে।

মানিকগঞ্জের জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ২০১১ সালের ১৩ আগস্ট বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সাংবাদিক মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী বলেন, খুব তাড়াহুড়ো করে আইনটি তৈরি করা হয়েছে। আইনটি মালিকপক্ষকে সামনে রেখে করা হয়েছে। শ্রমিকপক্ষের কোনো কথাই আসেনি। সবচেয়ে বড় কথা হলো, দুর্ঘটনায় দোষী ব্যক্তির শাস্তির কোনো বিধান রাখা হয়নি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আইনটির নামকরণের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, দাবি ছিল সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইনের। কিন্তু করা হয়েছে সড়ক পরিবহন আইন, যেখানে সড়ক নিরাপত্তার বিষয়টি রাখা হয়নি। তিনি বলেন, শুধু চালক বা মালিকের কারণেই দুর্ঘটনা হয়, এমন নয়। আরও অনেকের সংশ্লিষ্টতা আছে। তাদেরও সুনির্দিষ্ট শাস্তির আওতায় আনতে হবে।

সংলাপে খসড়া আইনটির সার্বিক চিত্র তুলে ধরে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান ও সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল বলেন, দুর্ঘটনা শুধু মালিক-চালকদের দ্বারা সংঘটিত হয় না, বরং কোনো কোনো ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় যে লাইসেন্স দেওয়া হয়, সেই ‘লাইসেন্স দুর্নীতির’ কারণেও হয়। এ আইনে সরকারি প্রতিষ্ঠান ও আইন প্রয়োগকারী সংস্থাকে জবাবদিহির আওতায় আনা হয়নি।

সংলাপে অন্যদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের পরিচালক কে এ এম মোর্শেদ, যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী ও ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন।