সড়ক পরিবহন আইনের খসড়া প্রকাশের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় অনুমোদিত সড়ক পরিবহন আইন-২০১৮ এর সম্পূর্ণ খসড়াটি জনস্বার্থে প্রকাশের দাবি জানিয়েছে দেশে যাত্রী অধিকার প্রতিষ্ঠায় কর্মরত সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

সড়ক দুর্ঘটনায় হতাহতদের সহায়তায় তহবিল গঠন, চালকদের শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্টকরণ, নারী ও প্রতিবন্ধী যাত্রীদের আসন সংরক্ষণ, সিট বেল্ট ব্যবহারসহ বেশ কিছু ইতিবাচক ধারা সংযোজন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে অভিযোগ করেছে, প্রস্তাবিত আইনে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে বেপরোয়া ও অবহেলাজনিত মোটরযান চালিয়ে দুর্ঘটনার সাজা মালিক-শ্রমিক সংগঠনের প্রভাবশালী নেতাদের সঙ্গে সমঝোতা করে কমানো হয়েছে।

বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, ‘দেশের যাত্রীসাধারণ, আন্দোলনকারী শিক্ষার্থী এবং আমরা যারা যাত্রী অধিকার নিয়ে কাজ করি আমাদের এ আইন সম্পর্কে বিস্তারিত জানার অধিকার রয়েছে। কারণ আমরা সড়কে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সড়ক নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আমলে না নেওয়ায় জনমনে পুঞ্জীভূত ক্ষোভের সঞ্চার হয়, যা থেকে সারা দেশব্যাপী শিক্ষার্থীরা সবাই একযোগে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে মাঠে নামে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দরভাবে দেখিয়েছে সড়ক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা কীভাবে প্রতিষ্ঠা করতে হয়। আন্দোলনকারী শিক্ষার্থী এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বিভিন্ন সময়ে প্রদত্ত পরামর্শ ও সুপারিশ গ্রহণ করলে আইনটি সমৃদ্ধ ও যাত্রী বান্ধব আইনে পরিণত হবে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ১৯৮৫ সালের দণ্ডবিধিতে যে সংশোধনীর মাধ্যমে বেপরোয়া ও অবহেলা জনিত মোটরযান চালানোর মাধ্যমে সংঘটিত সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি ৩ বছর কমিয়ে আনা হয়, হাইকোর্ট ২০১৪ সালে তা অবৈধ ঘোষণা করেন। ওই আদেশ অনুযায়ী এ অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ৭ বছর বহাল থাকার কথা। অথচ গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রস্তাবিত আইনে তা ৫ বছর করায় কার্যত সাজা কমানোর প্রস্তাব করা হয়েছে। যা আন্দোলনকারী শিক্ষার্থীদের এবং জনগণের দীর্ঘদিনের দাবির প্রতিফলন হয়নি। একই সঙ্গে সর্বোচ্চ আদালতের নির্দেশনা ও মতের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেছে সংগঠনটি।