সড়ক পরিবহন আইনের খসড়ায় মতামতের সময় বৃদ্ধির দাবি
সড়ক পরিবহন আইন-২০১৬ এর খসড়ায় মতামত দেওয়ার সময়সীমা বাড়ানোর দাবি জোনিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ সোমবার সংগঠনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আধুনিক যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে একটি কার্যকর আইন প্রণয়নের দাবি দীর্ঘ দিনের। খসড়া একটি আইন করে গত ২৪ জানুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে মতামত প্রদানের জন্য দেওয়া হয়। এ জন্য মাত্র ছয় দিন সময় বেঁধে দেওয়া হয়। পরবর্তীতে নানা মহলের দাবির পরিপ্রেক্ষিতে আরও ১৫ দিন সময় বৃদ্ধি করে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। কিন্তু এত কম সময়ে গঠনমূলক মতামত দেওয়া সম্ভব নয়। এ জন্য সময় সীমা আরও বাড়ানো উচিত।’
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা একটা কার্যকর আইন চাই। এ জন্য আমাদের আইন উপ-কমিটি কাজ করছে। আমরা ইতিমধ্যে ২৭টি দুর্বলতা চিহ্নিত করেছি। দেশের বিশিষ্ট আইনজীবীসহ সংশ্লিষ্টরা এ নিয়ে কাজ করছে। সরকারের কাছে অনুরোধ, মতামত দেওয়ার সময়সীমা যেন বাড়ানো হয়।’