সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন পাস না করার দাবি
জাতীয় সংসদের চলতি অধিবেশনে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন-২০১৫’ পাস না করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর দপ্তরে দেওয়া স্মারকলিপিতে সমিতি এ দাবি জানায়। সংগঠনটি আইনটিকে আরও জনবান্ধব করার জন্য জনমত যাচাইয়ে গণশুনানির আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, এই আইনের খসড়া তৈরিতে যাত্রীসাধারণের কোনো মতামত নেওয়া হয়নি। এ আইন দেশের যাত্রীসাধারণের কল্যাণের জন্য করা হয়েছে বলা হলেও তাতে যাত্রীসাধারণের নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের বিষয়টি স্পষ্ট করা হয়নি। আইনে যাত্রীর সংজ্ঞা নির্ধারণ করা হয়নি।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে কারিগরি বিষয় জড়িত। কর্তৃপক্ষের চেয়ারম্যানের কারিগরি যোগ্যতা ও অভিজ্ঞতা আইনে উল্লেখ করা হয়নি। চেয়ারম্যানের জবাবদিহির বিষয়টিও আইনে নেই। একইভাবে সরকার-নির্ধারিত ভাড়া কার্যকরের বিষয়টিও স্পষ্ট করা হয়নি।
বিআরটিএকে একটি নিয়মিত গবেষণা, যাত্রী দুর্ভোগ লাঘবে নতুন নতুন কৌশল উদ্ভাবন ও প্রয়োগ, দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে—এমন প্রত্যাশা থাকলেও আইনে তা প্রতিফলিত হয়নি বলেও সংগঠনটির স্মারকলিপিতে বলা হয়। বিআরটিএর উপদেষ্টা পরিষদে উপদেশ বা পরামর্শ দেওয়ার জন্য সুশীল সমাজের প্রতিনিধি, যাত্রী প্রতিনিধি ও এ খাত নিয়ে গবেষণারত বেসরকারি সংস্থার প্রতিনিধি ও নতুন কৌশল উদ্ভাবনকারীদের রাখা উচিত বলেও এতে উল্লেখ করা হয়।
একটি যাত্রীবান্ধব আইন করা হলে দেশের সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসার পাশাপাশি যাত্রী দুর্ভোগ লাঘবেও তা যথাযথ ভূমিকা রাখবে। আইনটি পাস না করে আরও অধিকতর জনমত যাচাইয়ের জন্য জেলায় জেলায় গণশুনানির আয়োজন করার আহ্বান জানায় সংগঠনটি।