সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিলসহ দুটি বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআরটিএকে যেকোনো এলাকা বা অধিক্ষেত্রে মোটরযান ও গণপরিবহনের সংখ্যা নির্ধারণ ও নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল ২০১৭’ জাতীয় সংসদে পাস হয়েছে। মঙ্গলবার সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি পাসের প্রস্তাব করেন। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।

‘মোটর ভেহিকেলস অর্ডিন্যান্স ১৯৮৩’-এর অধীনে প্রতিষ্ঠিত বিআরটিএ এখন নতুন এই আইনের অধীনে পরিচালিত হবে। এ আইনের অধীনে মোটরযান চালনার লাইসেন্স প্রদান, মোটরযানের নিবন্ধন, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট, গতিসীমা নির্ধারণ, গণপরিবহনের ভাড়া নির্ধারণে সরকারের কাছে সুপারিশ করাসহ বেশ কিছু ক্ষমতা থাকবে এই কর্তৃপক্ষের হাতে। আইনটি হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে সভাপতি করে বিআরটিএর একটি উপদেষ্টা পরিষদ এবং বিআরটিএর চেয়ারম্যানের সভাপতিত্বে একটি পরিচালনা পর্ষদ গঠিত হবে।

বিলটির উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন, সড়ক দুর্ঘটনা হ্রাস, সড়ক নিরাপত্তায় গণসচেতনতা সৃষ্টি এবং জনসাধারণকে মোটরযানের রেজিস্ট্রেশন, রুট পারমিট, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন ইত্যাদি, ক্ষেত্রে দ্রুত ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য সরকার আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে।

‘বেসামরিক বিমান চলাচল বিল-২০১৭’ পাস
নির্বিঘ্নে বিমান পরিচালনায় অসুবিধা সৃষ্টি করে মানুষের জীবন ঝুঁকিতে ফেললে মৃত্যুদণ্ডের পাশাপাশি পাঁচ কোটি টাকা জরিমানার বিধান রেখে ‘বেসামরিক বিমান চলাচল বিল-২০১৭’ সংসদে পাস হয়েছে। সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর দেওয়া বিরোধী দল জাতীয় পার্টির সদস্যদের জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নাকচ হয়।

১৯৬০ সালের ‘দ্য সিভিল অ্যাভিয়েশন অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইনটি করা হচ্ছে। বিলে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করেন, যাতে নির্বিঘ্নভাবে বিমান পরিচালনায় অসুবিধার সৃষ্টি হয় এবং মানুষের জীবন ঝুঁকির সম্মুখীন হয়, তবে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বিমান চালানোর অনুমতির বিধান লঙ্ঘন বা সনদ জাল করলে সর্বোচ্চ পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।

প্রস্তাবিত আইন অনুযায়ী, বিমানের নেভিগেশনের সঠিক আলো ও সংকেতের কার্যক্রমে হস্তক্ষেপ করলে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। কেউ দুর্ঘটনায় পড়া বিমানের যন্ত্রাংশ বা অন্য কোনো কিছু সরিয়ে ফেললে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং অপসারিত যন্ত্রাংশের দ্বিগুণ মূল্যে অর্থদণ্ডে দণ্ডিত হবেন। কেউ বিমান ভ্রমণের সময় ‘ইচ্ছাকৃতভাবে’ বিপজ্জনক পণ্য বহন করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের সঙ্গে ৫০ লাখ টাকা জরিমানার বিধান থাকবে।
বিলে অবৈধভাবে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের জন্য তিন থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা দিতে হবে। কোনো এয়ার অপারেটর রেকর্ড সংরক্ষণ না করলে তিন বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

বিলে বলা হয়েছে, যদি কোনো পাইলট বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিমান ভূমি বা পানিতে অবস্থানকারী কোনো ব্যক্তি বা সম্পত্তির ওপর দিয়ে বিপজ্জনক পদ্ধতিতে চালনা করেন এবং তিনি যদি প্রমাণ করতে ব্যর্থ হন যে ওইভাবে বিমান চালানোর তার প্রত্যক্ষ ত্রুটি বা ব্যর্থতার কারণে হয়নি, তবে ওই পাইলটের যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ পাঁচ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।