কক্সবাজারের মহেশখালী উপজেলার চালিয়াতলি-মাতারবাড়ি সড়কটি চার কিলোমিটার দীর্ঘ। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সড়কের দেড় কিলোমিটার অংশ ভেঙে গেছে। এর মধ্যে আধা কিলোমিটার অংশ প্রায় বিলীন হয়ে গেছে। এই অংশটুকু পারাপারের জন্য তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো। উপজেলার মাতারবাড়ি ও ধলঘাট ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ এই সাঁকো পার হতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘বাবা কয়েক দিন ধরে অসুস্থ। তাঁকে চিকিৎসক দেখানোর জন্য চকরিয়া যাচ্ছিলাম। কিন্তু সাঁকো পার করার সময় পড়ে গিয়ে বাবাসহ আমি নিজেই আহত হয়েছি। আমার মতো অনেকে এই সাঁকো পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেও সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেই।’
গতকাল সরেজমিনে দেখা গেছে, ভাঙা সড়কের ওপর দিয়ে গাড়ি তো দূরের কথা, হাঁটাও যেন দায়। স্থানীয় ব্যবসায়ীরা এই সড়ক দিয়ে তাঁদের পণ্য কোথাও পাঠাতে পারছেন না। মাতারবাড়ি মগডেইল বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর বলেন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বাজারের বিভিন্ন তরিতরকারির দাম আগের চেয়ে বেড়েছে।
মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকার অটোরিকশাচালক আবদুল মোনাফ বলেন, ‘রোয়ানুতে সড়কটি লন্ডভন্ড হয়ে যাওয়ার পর থেকে গাড়ি চালাতে পারছি না। এখন পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনে দিন কাটছে। এই সড়কে ১০০ অটোরিকশা চলত।’
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস বলেন, জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, ভাঙা সড়কের কারণে এলাকাবাসীর ভোগান্তির অন্ত নেই। সড়কটি দ্রুত মেরামত করার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।