সড়ক পুনর্নির্মাণের দাবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরসংলগ্ন সড়কের প্রায় এক কিলোমিটার অংশ বেহাল। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক থেকে বন্দরের পাঁচ নম্বর ফটক পর্যন্ত সড়কের এই অংশ দীর্ঘদিন থেকে ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। সম্প্রতি বৃষ্টিতে সড়কটি আরও নাজুক হয়ে পড়েছে।
বেহাল সড়কের কারণে কয়েকটি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করেন বন্দর-সংলগ্ন গ্রামের মানুষ। অবিলম্বে সড়ক পুনর্নির্মাণের দাবিতে তাঁরা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে স্মারকলিপিও দেন।
সোনামসজিদ স্থলবন্দরসংলগ্ন কামালপুর, শিয়ালমারা ও বালিয়াদীঘি গ্রামের শতাধিক মানুষ গতকাল বেলা একটার দিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন। কর্মসূচি চলাকালে এলাকাবাসীর পক্ষে শহীদুল ইসলাম বলেন, সোনামসজিদ স্থলবন্দরের পাঁচ নম্বর ফটক (গেট) দিয়ে ৪০-৫০ মেট্রিক টন পণ্যবাহী ট্রাক চলাচল করে। এ কারণে প্রায় এক কিলোমিটার রাস্তায় বহু বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এখানে প্রায় প্রতিদিন দু-তিনটি পণ্যবোঝাই ট্রাক গর্তে আটকে যায় বা উল্টে যায়। এতে দিনে দু-তিন ঘণ্টা এবং কখনো কখনো সারা দিন সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ওই সড়কে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থীসহ মানুষের দুর্ভোগের সীমা থাকে না। বিশেষ করে অসুস্থ রোগীদের নিয়ে চলাচলের ক্ষেত্রে ভীষণ সমস্যা হয়। প্রায় এক বছর ধরে সড়কটি বেহাল।

এলজিইডি, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ভূঁইয়া স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনামসজিদ বন্দর-সংলগ্ন এলজিইডির বালিয়াদীঘি, ল্যান্ডপোর্ট-বড়গাছি-জিসি ভায়া মির্জাপুর কর্ণখালী ৭ দশমিক ৮৬ কিলোমিটার সড়কের মধ্যে ৮৮০ মিটার অংশ বেহাল হয়ে পড়েছে। ওই অংশ দিয়ে ৪০-৫০ মেট্রিক টন পণ্যবোঝাই ট্রাক বন্দরে চলাচল করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এত ভারী ট্রাক চলাচলের উপযোগী করে, বিশেষ নকশায় সড়কটি পুনর্নির্মাণ করতে হবে। এ জন্য ১ কোটি ২০ লাখ টাকা ব্যয় ধরে রাস্তাটি নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
সিদ্দিকুর রহমান বলেন, ‘জেলা প্রশাসকও সড়কটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। আশা করছি, দেড় মাসের মধ্যেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’