সড়ক প্রশস্তকরণে ১৪ গাছ হত্যার সিদ্ধান্ত!
বরিশাল নগরে সড়ক প্রশস্তকরণের অজুহাতে প্রায় দেড় শ বছরের পুরোনো ১৪টি পামগাছসহ বেশ কিছু গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। বরিশাল সদর হাসপাতালের ভেতর থেকে এসব গাছ কাটা হবে। গত শনিবার এখান থেকে চারটি আমগাছ কেটে ফেলা হয়েছে।এর আগে গত ২১ মার্চ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের অজুহাতে বঙ্গবন্ধু উদ্যানের পাশ থেকে সাতটি পামগাছ কেটে ফেলা হয়।সরেজমিনে দেখা গেছে, বরিশাল সদর হাসপাতালের সীমানাপ্রাচীরের একাংশ ভেঙে ফেলা হয়েছে; একই সঙ্গে কেটে ফেলা হয়েছে চারটি বড় ফলজ আমগাছ। আর একই সারিতে থাকা ১৪টি পামগাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে।সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন শহর উন্নয়ন প্রকল্পের আওতায় নগরের কেন্দ্রীয় জেলখানা থেকে নতুন বাজার পর্যন্ত হাসপাতাল রোড প্রশস্তকরণ ও দুই লেনবিশিষ্ট সড়ক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। এর অংশ হিসেবে শনিবার হাসপাতালের সীমানাপ্রাচীর ভেঙে ফেলে ভেতরের আমগাছ কাটা হয়। একই সঙ্গে নগরের শোভাবর্ধনকারী দেড় শ বছরের পুরোনো ১৪টি রয়েল পামগাছ ও অন্যান্য কাছ কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শামসুদ্দিন আহম্মেদ বলেন, ‘সীমানাপ্রাচীর ভাঙা এবং গাছ কাটার বিষয়ে আমার কাছ থেকে কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি।’সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, ‘লিখিত অনুমতি নেওয়া হয়নি, তবে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তিনটি গাছ না কাটলে সড়ক প্রশস্ত করা সম্ভব হতো না। তাই ওই আমগাছগুলো কাটা হয়েছে; কিন্তু পামগাছ কাটার কোনো পরিকল্পনা আমাদের নেই।’পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, যেখানে গাছ নেই, সেখানে গাছ লাগিয়ে সবুজায়ন করতে হবে। একই সঙ্গে যেখানে গাছ আছে, সেখানকার গাছ রক্ষা করতে হবে। যথেচ্ছভাবে গাছ কাটলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. ছাইয়েদুর রহমান বলেন, ‘বরিশাল সদর হাসপাতালের ভেতরে থাকা গাছ কাটার ব্যাপারে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।’নদী-খাল-জলাশয় রক্ষা আন্দোলন বরিশালের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, ‘আমাদের নগরে পুকুর, খাল ও নদী ভরাট করে যেমন স্থাপনা নির্মাণ করা হচ্ছে, তেমনি উন্নয়নের নামে গাছ কাটা হচ্ছে। সদর হাসপাতালের পামগাছগুলো রক্ষার জন্য সিটি করপোরেশনের কাছে অনুরোধ জানাচ্ছি। তার পরও ওই গাছ কাটার উদ্যোগ নিলে বরিশালবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামব।’