সড়ক বন্ধ করে নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা!
নির্বাচন কার্যালয়ের নিরাপত্তার জন্য কিশোরগঞ্জে জেলা শহরের অন্যতম আবাসিক এলাকা আলোর মেলার তিনটি প্রবেশপথই বন্ধ করে দিয়েছে পুলিশ। পাঁচ দিন ধরে সড়কের প্রবেশপথগুলোতে বাঁশ দিয়ে আটকে সার্বক্ষণিক প্রহরা বসানো হয়েছে। কোনো যানবাহনকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে এলাকার বাসিন্দাদের গুরুতর দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, নাশকতার হাত থেকে নির্বাচন কার্যালয়কে রক্ষা করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিষয়টিকে তুঘলকি সিদ্ধান্ত এবং অবরোধের মধ্যে আরেক অবরোধ বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, আলোর মেলা এলাকায় রয়েছে সরকারি বালক উচ্চবিদ্যালয়, এসভি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি আদর্শ শিশু বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও সরকারি মহিলা কলেজের মতো পাঁচটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তিন শতাধিক শিক্ষক ও কয়েক হাজার শিক্ষার্থী ওই তিন প্রবেশপথ দিয়ে যাওয়া-আসা করে থাকে। এ এলাকায় দেওয়ানি আদালত, জেলা রেজিস্ট্রার অফিস, পোস্ট অফিস, নির্বাচন কার্যালয়, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, গণগ্রন্থাগার, শিশু একাডেমী, তথ্য কর্মকর্তার কার্যালয় ও ভূমি রেকর্ড অফিস রয়েছে। বিভিন্ন প্রয়োজনে জেলার দূর-দূরান্ত থেকে প্রতিদিন এসব কার্যালয় ও প্রতিষ্ঠানে বহু মানুষ যাওয়া-আসা করেন। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসস্থল থাকায় এলাকার হাজার হাজার বাসিন্দা প্রাত্যহিক প্রয়োজনে এসব পথ দিয়ে চলাফেরা করেন। কিন্তু গত বুধবার থেকে রিকশা ও অটোরিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সব শ্রেণী-পেশার মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা চরম দুর্ভোগে পড়ছেন।
এলাকার শিক্ষাবিদ জালাল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু একটি কার্যালয়ের নিরাপত্তার অজুহাতে পুরো এলাকার মানুষকে হয়রানি করা উচিত নয়। এটা তুঘলকি কাণ্ড ছাড়া আর কিছু নয়।
পরিবহন ব্যবসায়ী আবদুস সামাদ বলেন, সড়ক বন্ধ করে মানুষকে কষ্ট দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। এটা অবরোধের মধ্যে আরেক অবরোধ।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবদুল মালেক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই রাস্তা বন্ধ করা হয়েছে।