সড়ক বন্ধ করে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনের সড়কে শিক্ষার্থীদের মানববন্ধন। কর্মসূচি চলার সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনের সড়কে শিক্ষার্থীদের মানববন্ধন। কর্মসূচি চলার সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের সড়কের একাংশ ও প্রধান ফটক বন্ধ করে এই কর্মসূচি পালিত হয়। এতে রোগী, রোগীর স্বজন ও পথচারীরা কিছুটা ভোগান্তিতে পড়েন।

গত ২০ নভেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। চমেক হাসপাতালে তাঁর লাশের ময়নাতদন্তের পর বলা হয়, দিয়াজ আত্মহত্যা করেছেন। পরে আদালতের নির্দেশে ঢাকায় দিয়াজের লাশের পুনঃময়নাতদন্তের সময় চিকিৎসক জানান, তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ চমেক অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের অপসারণের দাবিতে তাঁর কুশপুত্তলিকা দাহ করে। ছাত্রলীগের এই অংশের অভিযোগ, চমেক অধ্যক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছেন।

এই অভিযোগের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন (আইডিএ) ও সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে বেলা সাড়ে ১১টা থেকে দেড় ঘণ্টা মানববন্ধন করা হয়। কর্মসূচির কারণে রোগী ও রোগীর স্বজনদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়। তবে মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্স ও গাড়ি চলাচলে কোনো সমস্যা হয়নি। মানববন্ধনে চমেক ছাত্র সংসদ ও ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন। শিক্ষকদের পক্ষে সংহতি জানিয়ে বক্তব্য দেন উপাধ্যক্ষ মুজিবুল হক খান।

কর্মসূচিতে বক্তারা বলেন, অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার আগেই ছাত্রলীগের একাংশ একজন শিক্ষকের অপসারণ দাবি করতে পারে না।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইডিএর আহ্বায়ক রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাবিদ আনজুম তানভির, ছাত্র সংসদের সহসভাপতি আরমান উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, চমেক ছাত্রলীগের সভাপতি তারিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান। মানববন্ধনে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে প্রবর্তক মোড় থেকে চমেক প্রধান ফটকের পরে দুই দিকে সড়ক অবরোধ করা হয়। এতে চকবাজার থেকে প্রবর্তকমুখী ও প্রবর্তক থেকে চকবাজারমুখী যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। কিছু কিছু যানবাহন চমেক পূর্বগেট দিয়ে পাঁচলাইশ হয়ে প্রবর্তক পর্যন্ত যাওয়া-আসা করে। এ সময় প্রবর্তক মোড়সহ আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়।

মানববন্ধন চলাকালে প্রবর্তক মোড় থেকে অনেক রোগীকে হেঁটে হাসপাতালে যেতে দেখা গেছে। ভুক্তভোগী শরিফ বলেন, ‘আমি মেডিকেলের বহির্বিভাগে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। রিকশা ঠিক করেছিলাম মেডিকেল পর্যন্ত। কিন্তু প্রবর্তক মোড়ে নেমে যেতে বাধ্য হই।’

তবে কর্মসূচি চলাকালে অ্যাম্বুলেন্স ও মুমূর্ষু রোগীবাহী যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়নি।

আইডিএর যুগ্ম আহ্বায়ক নাবিদ আনজুম তানভির বলেন, ‘আমরা সড়কের একাংশ বন্ধ করেছি। এতে তেমন কোনো সমস্যা হয়নি। কারণ পাঁচলাইশের বাইপাস দিয়ে গাড়ি চলাচল করতে পেরেছে। আর রোগীবাহী গাড়ি ছেড়ে দিয়েছি।’

বেলা একটার দিকে কর্মসূচি শেষ হওয়ার পর সড়কে যান চলাচল শুরু হয়।