সড়ক বন্ধ করে ১৮ দলীয় জোটের সমাবেশ, দুর্ভোগ
যশোর শহরের এম কে সড়ক বন্ধ করে চৌরাস্তা মোড়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গতকাল শনিবার দুপুরে গণসমাবেশ করেছে। এ সময় ওই সড়কে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে জনসাধারণ চরম দুর্ভোগের শিকার হয়। সমাবেশকালে এম কে সড়কের চিত্রা মোড়, রবীন্দ্রনাথ সড়কের বস্তাপট্টি মোড়, রেল সড়কের সোনালী ব্যাংক করপোরেট শাখা মোড় ও সোনাপট্টি সড়কের কোতোয়ালি থানার মোড় অবরুদ্ধ করে রাখা হয়। ফলে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াতের জন্য লোকজন এম এম আলী সড়ক ব্যবহার করতে বাধ্য হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক বলেন, সমাবেশে ৩০ থেকে ৩৫ হাজার মানুষের উপস্থিতির ফলে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দিয়ে আগেই জানানো হয়েছিল। সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে রায় হবে গণমানুষের আদালতে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’ এ সময় বিএনপির নেতা তরিকুল ইসলাম বিভিন্ন বিষয় উল্লেখ করে শিল্পমন্ত্রী, যোগাযোগমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সমালোচনা করেন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনার সাংসদ নজরুল ইসলাম, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উপদেষ্টা নুরুল ইসলাম, জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।