সড়ক বন্ধ থাকায় পণ্য পরিবহনে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নকাজের জন্য ঢাকার সাভারের রেডিও কলোনি-নামা বাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এলাকার একমাত্র পাইকারি বাজার সাভারের নামা বাজারের পণ্য পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ওই সড়কপথেই বাজারটির প্রায় সব পণ্য পরিবহন করা হতো।
এদিকে রেডিও কলোনি-নামা বাজার সড়ক বন্ধ করে দেওয়ায় পণ্যবাহী ট্রাক চলাচল করছে সাভার বাজার রোড হয়ে। অপ্রশস্ত এই সড়কে ট্রাকের চাপ বেড়ে যাওয়ায় তিন দিন ধরে সেখানে মারাত্মক যানজটের সৃষ্টি হয়েছে। সড়কটিতে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে।
যানজটের কারণে ট্রাকগুলো পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন ওই বাজারেরই ব্যবসায়ী হারুন-অর-রশীদ (৬৫)। এ ছাড়া তিন দিনে আহত হয়েছেন বেশ কয়েকজন রিকশা আরোহী।
সাভার পৌরসভা সূত্র জানায়, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রেডিও কলোনি-নামা বাজার সড়কটি উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হয় গত বছরের ডিসেম্বর মাসে। ১৫ দিন আগে সড়কটির কাজ শুরু হয়েছে। পৌরসভার তত্ত্বাবধানে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে কাজ বাস্তবায়ন করছে টিআইএসবি নামের একটি প্রতিষ্ঠান।
সাভার বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারটিতে তিন হাজারের মতো ব্যবসায়ী রয়েছেন। তাঁদের প্রায় অধিকাংশই পণ্য পরিবহনের জন্য রেডিও কলোনি-নামা বাজার সড়ক ব্যবহার করে আসছিলেন। প্রতিদিন ওই সড়কে অন্তত এক থেকে দেড় হাজার পণ্যবাহী ট্রাক চলাচল করে। কিন্তু সড়কটির উন্নয়নের কাজ শুরু হওয়ায় গত রোববার সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সাভার বাজার রোডকে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হলেও ওই সড়কে প্রয়োজনীয় সংখ্যক ট্রাক চলাচল করতে পারছে না। পণ্যবাহী ট্রাকগুলো বাজার রোড দিয়ে ঢুকলেও বাজার পর্যন্ত পৌঁছতে না পাড়ায় পথেই মালামাল ওঠা-নামার কাজ করতে হচ্ছে। ফলে বাজার রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
চুয়াডাঙ্গা থেকে গুড় নিয়ে আসা ট্রাকের চালক ইসমাইল হোসেন বলেন, সোমবার ভোরে তিনি সাভারে এলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত পণ্য খালাস করতে পারেননি। তাঁর মতো আরও অনেককেই একইভাবে ট্রাক নিয়ে অপেক্ষা করতে হচ্ছে।
সাভারের নামা বাজারের মোহনা অয়েল মিলের মালিক আবদুর রাজ্জাক বলেন, রেডিও কলোনি-নামা বাজার সড়ক বন্ধ হয়ে যাওয়ায় প্রতি ড্রাম তেল পরিবহনে তাঁকে ১৫ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে।
যোগাযোগ করা হলে সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইমাম বলেন, কার্পেটিংয়ের পরিবর্তে কংক্রিটের কাজ করার কারণে রেডিও কলোনি-নামা বাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে বাজারের ব্যবসায়ীদের পণ্য পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ব্যবসায়ীদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কি না, তাও ভেবে দেখা হচ্ছে।