সড়ক বিভাজক দখল করে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-গোলাপগঞ্জ সড়কের বিভাজকে আইন লঙ্ঘন করে সাঁটানো হয়েছে প্রার্থীদের নির্বাচনী পোস্টার। ছবিটি গতকাল সকালে ওই সড়কের হেতিমগঞ্জ এলাকা থেকে তোলা। গত ১৭ সেপ্টেম্বর সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বিভাজকের সৌন্দর্যবর্ধন করা হয় (ইনসেটে) । ছবি: প্রথম আলো
সিলেট-গোলাপগঞ্জ সড়কের বিভাজকে আইন লঙ্ঘন করে সাঁটানো হয়েছে প্রার্থীদের নির্বাচনী পোস্টার। ছবিটি গতকাল সকালে ওই সড়কের হেতিমগঞ্জ এলাকা থেকে তোলা। গত ১৭ সেপ্টেম্বর সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বিভাজকের সৌন্দর্যবর্ধন করা হয় (ইনসেটে) । ছবি: প্রথম আলো

২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সড়ক বিভাজকগুলো সংস্কার করে সৌন্দর্যবর্ধন করা হয়েছিল। তখন থেকে দৃষ্টি কাড়ছিল বিভাজকগুলো। এখন তা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার পোস্টারে ছেঁয়ে গেছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোলাপগঞ্জ সফর উপলক্ষে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের শুরুতে সিলেট থেকে গোলাপগঞ্জ পর্যন্ত সড়ক বিভাজক সংস্কার করা হয়। বিভাজকের দেয়াল সংস্কার করে সেগুলোতে রং দিয়ে আকর্ষণীয় করে তোলা হয়।
সরেজমিনে দেখা গেছে, সিলেট-গোলাপগঞ্জ সড়কের গোলাপগঞ্জ অংশ থেকে পৌর শহরের চৌমোহনী পর্যন্ত বিভাজকে কোথাও খুঁটি পুঁতে আবার কোনো কোনো জায়গায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি টানিয়ে পোস্টার সাঁটানো হয়েছে। এ ছাড়াও জকিগঞ্জ সড়কের দাড়িপাতন এলাকা থেকে ডাকবাংলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এবং হেতিমগঞ্জ বাজারের প্রায় আধা কিলোমিটার সড়ক বিভাজকে চেয়ারম্যান পদের সাত-আটজন প্রার্থীর পোস্টার সাঁটানো হয়েছে।
সড়কের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা জানান, সড়ক বিভাজক দখল করে এভাবে পোস্টার সাঁটানোর প্রবণতা শুরু হয় হেতিমগঞ্জ এলাকা থেকে। ওই এলাকায় গত শুক্রবার রাতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা সভাপতি এমরান আহমদ চৌধুরীর নির্বাচনী পোস্টার সাঁটানো হয়। এর পর থেকে সড়ক বিভাজকে অন্য প্রার্থীদেরও পোস্টার সাঁটানোর হিড়িক পড়ে যায়।
নির্বাচন কমিশনের নির্বাচনী আচরণবিধির ৭ নম্বর অনুচ্ছেদে ‘পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার-সংক্রান্ত বিধিনিষেধ’ প্যারায় বলা হয়েছে, দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটিসহ দণ্ডায়মান কোনো বস্তুতে পোস্টার সাঁটানো যাবে না।
এমরান আহমদ চৌধুরীর নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়কারী রাজু তালুকদার বলেন, প্রথমে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীরাই পোস্টার লাগানো শুরু করেন। পরে হয়তো দেখাদেখি অন্য প্রার্থীরাও পোস্টার লাগান। তিনি বলেন, ‘এতে যদি বিধি লঙ্ঘিত হয়, তাহলে যাঁরা শুরু করেছিলেন, তাঁরা নিজ থেকে অপসারণ করলে বরং অন্যদের জন্য অনুকরণীয় হয়।’
জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, বিষয়টি সরেজমিনে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।