সড়ক বিভাজকে পিকআপের ধাক্কা চালক নিহত
সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার এলাকায় গতকাল শনিবার পত্রিকাবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খায়। এতে পিকআপের চালক নিহত হন। গুরুতর অবস্থায় চালকের সহকারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রথম আলো পত্রিকাবাহী পিকআপটি পঞ্চগড়ের উদ্দেশে বগুড়া ছেড়ে আসে। ভোর পাঁচটার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার এলাকায় পিকআপটি সড়ক বিভাজকে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর পা কেটে গাড়ির চালক মো. বিশালকে (৩৫) বের করে আনেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়। আর চালকের সহকারী ফরিদুল ইসলামকে (৩৬) সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিশালের বাবার নাম মো. সবুজ। বাড়ি বগুড়া সদরের কইতকুল গ্রামে।