সড়ক বিভাজকে বিলবোর্ড প্রায়ই ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও শহরের বঙ্গবন্ধু সড়কের পুরোনো বাসস্ট্যান্ড থেকে নরেশ চৌহান সড়কের সংযোগ সড়ক পর্যন্ত বিভাজকে খুঁটি দিয়ে লাগানো হয়েছে বিভিন্ন ব্যক্তির বিলবোর্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ঠাকুরগাঁও শহরের বঙ্গবন্ধু সড়কের পুরোনো বাসস্ট্যান্ড থেকে নরেশ চৌহান সড়কের সংযোগ সড়ক পর্যন্ত বিভাজকে খুঁটি দিয়ে লাগানো হয়েছে বিভিন্ন ব্যক্তির বিলবোর্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

দুর্ঘটনা কমাতে ঠাকুরগাঁও শহরের বঙ্গবন্ধু সড়কে নির্মাণ করা হয়েছে বিভাজক। ওই বিভাজকে বাঁশ পুঁতে ব্যক্তিবিশেষের শুভেচ্ছা বিলবোর্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লাগানো হয়েছে। এসব বিলবোর্ডের জন্য বিপরীত দিক থেকে আসা যানবাহন অনেক সময় চালকেরা দেখতে পান না। এতে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের পুরোনো বাসস্ট্যান্ড থেকে নরেশ চৌহান সড়কের সংযোগ সড়ক পর্যন্ত বিভাজকে বাঁশ পুঁতে বিলবোর্ড ও ফেস্টুন লাগানো হয়েছে। ব্যানারগুলোর বেশির ভাগই মহাসড়কের ওপর হেলে পড়েছে। বিলবোর্ডগুলোর অধিকাংশই রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নামে শুভেচ্ছা বোর্ড। এ ছাড়া রয়েছে বিদ্যালয়, কলেজ, কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণা বিজ্ঞাপন।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ২০১১ সালের এপ্রিল-মে মাসে শহরের পুরোনো বাসস্ট্যান্ড থেকে রেলস্টেশন পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়ক প্রশস্ত করার পরিকল্পনা নেয় ঠাকুরগাঁও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কাজটি শুরুর পর দুই ধাপে চৌরাস্তা পর্যন্ত সড়ক প্রশস্ত করে সড়কে বিভাজক নির্মাণ করা হয়। নির্মাণের পর বিভাজকটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে লাগানো হয় নানা প্রজাতির গাছপালা। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময় আন্দোলনকারীরা ওই বেড়া তুলে আগুন ধরিয়ে দেন। এরপর অরক্ষিত হয়ে পড়ে বিভাজকটি। তখন থেকে ওই বিভাজকে স্থানীয় রাজনৈতিক নেতা, বিদ্যালয়, কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান ও ক্লিনিকের লোকজন বিলবোর্ড স্থাপন করে প্রচারণা শুরু করেন।

শহরের পিকআপ ভ্যানচালক আবদুর রহমান বলেন, মোড় নিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যানবাহন বিলবোর্ডের আড়ালে থেকে যায়। অনেক সময় চালক বিপরীত দিকের যানবাহন দেখতে পান না। এ কারণে দুর্ঘটনা ঘটছে।

আরেক চালক ওসমান গনি বলেন, বিলবোর্ডগুলো বিভাজকের মাটির একটু ওপরে লাগানোর কারণে অনেক সময় সড়কের ওপাশ থেকে পথচারীরা দ্রুতগতির গাড়ি দেখতে পায় না। দৌড়ে বিভাজক পেরিয়ে তারা গাড়ির সামনে এসে পড়ে। গত সপ্তাহে হাসপাতালের সামনে এমনি এক ঘটনায় দুই নারী মাইক্রোবাসের ধাক্কায় আহত হন।

সদর হাসপাতালের সামনের ওষুধ ব্যবসায়ী আজিজুল হক বলেন, রাস্তার মাঝখানে বিলবোর্ড বসানোর পর থেকে সদর হাসপাতালের সামনেই ছয় থেকে সাতটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গাড়ি চালাতে গিয়ে অনেক সময় ওই সব বিলবোর্ডের লেখার দিকে চালকের নজর চলে যায়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও পৌরসভার সচিব মো. রাশেদুর রহমান বলেন, পৌর এলাকায় কোনো প্রতিষ্ঠানের প্রচারণামূলক বোর্ড লাগাতে গেলে পৌরসভার অনুমোদন লাগে। শহরের সড়ক বিভাজকে যেসব অবৈধ বিলবোর্ড স্থাপন করা হয়েছে, তা অপসারণ করা হবে।

ঠাকুরগাঁও সওজের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, সড়ক বিভাজকে স্থাপন করা এসব বিলবোর্ড দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত সড়কের মাঝে বিলবোর্ড কোনোভাবেই কাম্য নয়। সড়ক থেকে বিলবোর্ড অপসারণে পদক্ষেপ নেওয়া হবে।