সড়ক বেহাল, দুর্ভোগে সাত গ্রামের মানুষ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারের পুরোনো ট্রলারঘাট থেকে খলাপাড়া সেতুর উত্তর পাড় পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য মাত্র আধা কিলোমিটার। ইট বিছানো থাকলেও বছর খানেক ধরে সড়কের কয়েকটি স্থানে ভেঙে ইট নিচে পড়ে যাওয়ায় দু-তিনটি গর্তের সৃষ্টি হয়ে এবড়োখেবড়ো হয়ে গেছে। ফলে এখানকার সাতটি গ্রামের লোকজন ও স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে এলজিইডির অর্থায়নে এই কাঁচা সড়কে ইট বসানোর কাজ করা হয়। কিন্তু সড়কটি নদীর তীরে হওয়ায় এবং ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় কাজ শেষ হওয়ার বছর খানেক যেতে না যেতেই নদীর পানির ঢেউয়ে সড়কের কয়েকটি স্থানে ভাঙন দেখা দেয়। ফলে এখানকার খলাপাড়া, গাবী, কাকিয়াম, মীর্জাপুর, বেরিকান্দি, বাহিরকান্দা ও শরিশ্যাম গ্রামের পাঁচ হাজারের বেশি মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গাবী গ্রামের বাসিন্দা বিকাশ রঞ্জন তালুকদার অনেকটা আক্ষেপ করে বলেন, ‘প্রয়োজনের তাগিদে প্রতিদিনই আমাকে এই সড়ক দিয়ে যাওয়া-আসা করতে হয়। সড়কটির কয়েকটি স্থানে গর্ত হওয়ায় যান চলাচল তো দূরের কথা, হেঁটে যেতেও সমস্যা হয়।’ কলেজপড়ুয়া শিক্ষার্থী কুলসুমা আক্তার, মনোয়ার হোসেন, সুইটি আক্তার জানায়, সড়কটির কয়েকটি স্থানে গর্ত হওয়ায় ও এলোমেলোভাবে ইট পড়ে থাকায় একটু অসতর্ক হয়ে চললেই হোঁচট খেয়ে দুর্ঘটনায় পড়তে হয়।উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. নূরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই সড়কটি নদীর তীরবর্তী হওয়ায় ভাঙন রোধ করতে না পারায় বিকল্প আরেকটি সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিকল্প সড়ক নির্মিত হলে এখানকার জনগণকে আর দুর্ভোগ পোহাতে হবে না।’পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান বলেন, সড়কটির সংস্কারকাজ করার জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। তবে জনগণের স্বার্থে শিগগিরই সড়কটি চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।